ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারলো না নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো ৬-১ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের স্রেফ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ১-০ গোলে হার মেনেছে নয়জনের চেলসি। বিরতির আগেই মাঠ থেকে বের করে দেয়া হয় দলের দুই খেলোয়াড়কে।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১৯ ম্যাচ অপরাজিত পর এটাই ম্যান ইউর প্রথম হার। ম্যান ইউর বিপক্ষে এটাই ম্যান সিটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।
গত বছর এপ্রিলে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির কাছে সর্বশেষ হার মেনেছিলো ম্যান ইউ। ১৯৫৫ সালের পর নিজেদের মাঠে ঘরোয়া লিগে এটাই অ্যালেক্স ফার্গুসনের দলের সবচেয়ে বড় ব্যবধানে হার। ৫৬ বছর আগে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়া ঐ ম্যাচেও ম্যান ইউর প্রতিপক্ষ ছিলো 'প্রতিবেশী' ম্যান সিটি।
ম্যানচেস্টার 'ডার্বি'তে ম্যান সিটির পক্ষে মারিও বালোতেল্লি ও এডিন জেকো দুটি করে এবং সার্জিও অ্যাগুয়েরো ও দাভিদ সিলভা একটি করে গোল করেন। ম্যান ইউর স্বান্ত্ব—নাসূচক গোলদাতা ড্যারেন ফ্লেচার।
এই জয়ের সুবাদে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান সুসংহত করলো ম্যান সিটি। ৯ খেলায় ২৫ পয়েন্ট তাদের। ২০ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আপাতত দ্বিতীয় স্থানে।
দিনের অন্য খেলায় স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগের সপ্তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। বিজয়ী দলের রবিন ভ্যান পার্সি দুটো ও জার্ভিনহো একটি গোল করেন। স্টোক সিটির একমাত্র গোলটি পিটার ক্রাউচের।
এছাড়া এভারটনের কাছে ৩-১ গোলে হেরেছে ফুলহ্যাম ও টটেনহ্যাম হটস্পার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে জিতেছে ২-১ গোলে।
ঐতিহ্যবাহী হলেও অনেক দিন ধরে ম্যান ইউর আধিপত্যের কারণে ম্যানচেস্টার 'ডার্বি'কে ঘিরে উত্তেজনা বেশ কমে গিয়েছিলো ফুটবলপ্রেমীদের।
তবে নতুন শক্তিতে গড়ে ওঠা ম্যান সিটি গত মৌসুম থেকেই জানিয়ে দিয়েছে, এখন থেকে এই ম্যাচে জোর লড়াই হবে।
তাই বলে ম্যাচ শুরু হওয়ার আগেও ম্যান সিটির কোনো সমর্থক এত বিশাল ব্যবধানে জয়ের কথা ভাবতে পেরেছিলেন কিনা সন্দেহ!
এ মৌসুমেই আর্সেনালকে ওল্ড ট্র্যাফোর্ডে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিলো ম্যান ইউ। এবার সেই চিরচেনা মাঠেই উল্টো লজ্জায় পড়তে হলো তাদের।
খেলা শুরু হওয়ার মাত্র ৪৮ ঘন্টা আগে বালোতেল্লির বাসায় আগুন লেগেছিলো। পালিয়ে কোনো রকমে জীবন বাঁচান তিনি। এই দুর্ঘটনাই তাকে তাতিয়ে দিয়েছিলো কিনা কে জানে! ২২ ও ৬০ মিনিটে দুই গোল করে রবার্তো মানচিনির দলের সুমধুর জয়ের অন্যতম রূপকার এই ইতালীয় স্ট্রাইকার। দুটো গোলেরই উৎস ছিলেন জেমস মিলনার।
প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিণত হয় দশ জনের দলে। বালোতেল্লিকে টেনে-হিঁচড়ে ফেলে দেয়ার অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ম্যান ইউ ডিফেন্ডার জনি ইভান্স।
৬৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া সার্জিও অ্যাগুয়েরোর শটে নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির জয় (৩-০)।
৮১ মিনিটে একটি গোল শোধ করে ম্যান ইউ। হাভিয়ের হার্নান্দেজের পাসে গোল করেন ফ্লেচার।
তবে তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের। শেষ তিন মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে স্রেফ ছেলেখেলা করে ম্যান সিটি। ঐ সময়ে হয় তিনটি গোল। এই তিন গোলের প্রথম ও শেষটি বসনিয়ার স্ট্রাইকার জেকোর, মাঝেরটি স্পেনের ফরোয়ার্ড দাভিদ সিলভার।
ঘরের মাঠ লফটাস রোড স্টেডিয়ামে খেলার আট মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিউপিআরকে এগিয়ে নেন হেইডার হেলগুসন।
খেলার ৩৩ মিনিটে কিউপিআরের শন রাইট-ফিলিপসকে পেছন থেকে টেনে ধরায় জোসে বসিঙ্গোয়াকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ক্রিস ফয়। বিরতির চার মিনিট আগে ফাউল করায় লাল কার্ড দেখতে হয় দিদিয়ের দ্রগবাকে।
এছাড়া হলুদ কার্ড দেখানো হয় দলের সাত খেলোয়াড়কে।
এতে ভীষণ রেগে গেছেন কোচ আন্দ্রেস ভিলাস বোয়াস। তীব্র সমালোচনা করেন তিনি রেফারির, "ক্রিসের খেলা পরিচালনায় আমি একেবারে হতাশ। অনেক বড় বড় ভুল করেছেন তিনি।"
পয়েন্ট তালিকার তৃতীয় দল চেলসির এটি দ্বিতীয় হার। আর কিউপিআরের কাছে ১৬ বছরের মধ্যে প্রথম। কিন্তু কাউকে দোষ দেয়ার উপায় নেই চেলসির, কেবল নিজেদের ছাড়া। দলটির পয়েন্ট ১৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/টিআর/১২২৭ ঘ.
bdnews24