ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী জানুয়ারীতে দলবদলের সময় পুরনো ক্লাব ইন্টার মিলানে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্যামুয়েল এতো।
কয়েক মাস আগে রেকর্ড পরিমাণ সাপ্তাহিক বেতনে ইন্টার থেকে রাশিয়ার অখ্যাত ক্লাব আনঝি মাখাচকালায় যোগ দেন তিনি। তবে বেশ কিছু দিন ধরেই তার ইন্টারে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। ক্যামেরুনের তারকা স্ট্রাইকারের প্রতি চেলসির আগ্রহ নিয়েও ইউরোপের ফুটবলাঙ্গন মুখরিত।
তবে দলবদল সম্পর্কিত সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এতো স্বয়ং। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বর্তমান ক্লাব মাখাচকালা ছাড়া আর কোনো দল নিয়েই ভাবছেন না তিনি।
ইতালির ক্রীড়াদৈনিক 'কোরিয়েরে দেল্লো স্পোর্ত' এতোকে উদ্ধৃত করে লিখেছে, "দলবদল নিয়ে নয়, আমি আনঝি (মাখাচকালা) সম্পর্কিত প্রশ্নের উত্তরই শুধু দেবো। এই মুহূর্তে আমি রাশিয়ায় আছি, যদিও জানি না এক মাসের মধ্যে কি হতে পারে।"
"আনঝিতে আমার ভবিষ্যত নিয়েই এখন ভাবছি। ইন্টার ও চেলসি নিয়ে যা বলা হচ্ছে তা আমার চিন্তার বিষয় নয়," যোগ করেন এতো।
এতো চলে যাওয়ার পর থেকেই দুর্দশা চলছে ইন্টার মিলানের। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে ইতালির 'সেরি আ'তে সপ্তদশ স্থানে আছে তারা। লিগে ৬ ম্যাচে মাত্র ৮টি গোল করতে পেরেছে ২০১০ সালে 'সেরি আ' ও উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ তিনটি শিরোপাজয়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১২৫ঘ.
bdnews24