ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটি তাদের তদন্তে কার্লোস তেভেজের প্রতি আনা কোচ রবার্তো মানচিনির অভিযোগের কোনো প্রমাণ পায়নি। ফলে "আমি খেলতে অস্বীকার করিনি" তেভেজের এই বক্তব্য মেনে নিয়েছে ক্লাবটি।
শুক্রবার শৃঙ্খলা কমিটির শুনানিতে উপস্থিত ছিলেন তেভেজ।
তবে রুটিন অনুযায়ী অনুশীলন না করার অভিযোগ থেকে এখনো বেরতে পারেনি ২৭ বছর বয়সী আর্জেন্টিনার এই খেলোয়াড়। আগামী সপ্তাহে তেভেজের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
তেভেজের প্রতি মানচিনির অভিযোগ ছিলো, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ চলাকালে তিনি বদলি খেলোয়াড় হিসেবে তেভেজকে মাঠে নামানোর জন্য 'ওয়ার্ম আপ' করতে বললে তেভেজ তা করতে অস্বীকৃতি জানান। এরপর মানচিনি ঘোষণা দেন তিনি আর কখনোই তেভেজকে মাঠে নামাবেন না এবং তিনি চান তেভেজ ক্লাব ছেড়ে চলে যাক।।
২৭ সেপ্টেম্বরের ওই ম্যাচে ২-০ তে হেরে যায় ম্যান সিটি।
যদিও তেভেজ পরে বলেন, তিনি কখনো বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানাননি। তিনি সব সময়ই খেলতে প্রস্তুত। ওই কান্ডটি 'ভুল বোঝাবুঝির' কারণে ঘটেছে।
পরে তেভেজের সঙ্গে গলা মেলান মানচিনি সহকারী ডেভিড প্ল্যাট ও ব্রায়ান কিডও। তারা নাকি তেভেজের 'না' শুনতে পাননি।
২৮ সেপ্টেম্বর তেভেজকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ এবং ১২ অক্টোবর তারা ঘোষণা দেয় তেভেজকে শৃঙ্খলা কমিটির মুখোমুখি হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৭ ঘ.
bdnews24