ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের টেনিসের সাবেক শীর্ষ খেলোয়াড় দিনারা সাফিনা জানিয়েছেন, টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত এখনো নেননি তিনি ।
এক টুইটার বার্তায় সাফিনা বলেন, "আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো নেই। আমাকে কিছুদিন সময় দিন, আমি সবকিছুই আপানাদের জানাবো।"
যদিও সাফিনার ভাই টেনিস খেলোয়াড় মারাত সাফিন শুক্রবার ঘোষণা দিয়েছিলেন দীর্ঘস্থায়ী পিঠে ব্যথার কারণে তার ছোট বোন (দিনারা সাফিনা) মাত্র ২৫ বছর বয়সেই টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
২০১০ সালের শুরু থেকে পিঠে ব্যথার ভুগতে থাকেন সাফিনা। শেষ পর্যন্ত এ বছর মে থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে চলে যান তিনি।
১২টি 'ডব্লিউটিএ' শিরোপা জিতছেন সাফিনা। তবে এখন পর্যন্ত কোনো 'গ্র্যান্ড স্লাম' শিরোপা নেই তার ঝুলিতে। এই কারণে অনেক সামালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। ২০০৯ সালের ২০ এপ্রিল র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠেন সাফিনা। ২৬ সপ্তাহ তিনি ওই অবস্থান ধরে রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৩০ ঘ.
bdnews24