ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে গঞ্জালো হিগুয়েনের হ্যাট্রিকের ওপর ভর করে চিলির বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের পক্ষে অপর গোলটি করেন লিওনেল মেসি।
বিশেষ করে এবারের কোপা আমেরিকার কথা বিবেচনায় নিলে একথা অবশ্যই বলতে হবে যে, নতুন কোচ আলেহান্দ্র সাবেইয়া অধীনে আর্জেন্টিনা অন্য রকম একটি দল হিসেবে নিজেদের মেলে ধরে ঘরের মাট বুয়েনস আয়ার্সে। খেলার শুরু থেকেই চেপে ধরে চিলিকে। শেষ পর্যন্ত সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি দলটি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
খেলার আট মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন হিগুয়েন। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। তৃতীয় গোলটি করেন হিগুয়েন ৫২ মিনিটে। ৬৩ মিনিটে হ্যাট্রিক আদায় করে নেন তিনি।
চিলির পক্ষে একটি গোল শোধ করেন মাতিয়াস ফার্নান্দেজ ৬০ মিনিটে।
অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে প্রথম গোলটি করেন হিগুয়েন।
দলের দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে। হিগুয়েনের কাছ থেকে বল পেয়ে ১৪ গজ দূর থেকে প্রচণ্ড শট নেন মেসি। বল আশ্রয় নেয় জালে। আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ১৭তম খেলায় গোল পেলেন মেসি। এর আগে টানা ১৬ খেলায় (আগের বারের বিশ্বকাপ বাছাই পর্বের সাত খেলা, মূল পর্বের পাঁচ খেলা ও কোপা আমেরিকার চার খেলা) গোল পাননি।
এরপর হিগুয়েনই আবার দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। তিনি তার তিন নম্বর গোলটি করেন মেসির বানিয়ে দেয়া বল জালে পাঠিয়ে।
এছাড়া ইকুয়েডর ২-০ গোলে ভেনিজুয়েলাকে, উরুগুয়ে ৪-২ গোলে বলিভিয়াকে ও পেরু ২-০ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০০৭ ঘ.
bdnews24