ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে হারকিউলিসকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের লা লিগায় শনিবার টানা ১৫ ম্যাচে হার না মানার রেকর্ড গড়লো বার্সেলোনা।
ফলে টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে রিয়াল মাদ্রিদের পাশে দাঁড়ালো পেপ গার্দিওলার বার্সা। এর আগে ১৯৬০-৬১ মৌসুমে এই রেকর্ড গড়ে রিয়াল।
এই জয়ের ফলে লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে শীর্ষে অবস্থানকারী বার্সার পয়েন্ট ব্যবধান দাঁড়ালো সাতে।
হারকিউলিসের ঘরের মাঠ রিকো পেরেজ স্টেডিয়ামে খেলার শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। কিন্তু তারপরও ফল পেতে প্রথমার্ধের ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।
প্রথমার্ধ শেষ হওয়ার দু'মিনিট আগে বল ঠেলে দেন জাভি হার্নান্দেজ। বল পেয়ে বার্সাকে এগিয়ে দিতে কোনো ভুল হয়নি পেদ্রো রদ্রিগুয়েজের।
হারকিউলিস শত আক্রমণ চালিয়েও বার্সার রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। উল্টো ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ফ্রান্সিকো ফ্যারিনোস। ফলে দশজনের হারকিউলিস পেরে উঠেনি বার্সার সঙ্গে। আর এই সুযোগটি কাজে লাগায় বার্সা।
খেলার ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার আর্জেন্টাইন আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি। দু'মিনিট পর হারকিউলিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওই মেসিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১১৫ ঘ.
bdnews24