২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রীতিকর ঘটনা, পয়েন্ট খোয়ালো শেখ রাসেল

ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়ে আসতেই পারছে না শেখ রাসেল ক্রীড়াচক্র। গ্রামীণ ফোন বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার বিপক্ষে হারের পর শনিবার তুলনামূলক দুর্বল দল আরামবাগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরিয়ে আসতেই পারছে না শেখ রাসেল ক্রীড়াচক্র। গ্রামীণ ফোন বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার বিপক্ষে হারের পর শনিবার তুলনামূলক দুর্বল দল আরামবাগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে এদিন শেখ রাসেলের পয়েন্ট খোয়ানোর চেয়ে আলোচিত বিষয় ছিল দু'দলের ফুটবলার এবং কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে, তা সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়। পরে শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী ও আরামবাগ কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সূত্রপাত, আরমবাগের ঘানার খেলোয়াড় মোস্তফা কাবা ও শেখ রাসেলের মরোক্কর খেলোয়াড় ইউসেফকে নিয়ে। খেলা শেষে হাত মেলাতে গিয়ে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনা সমধান করতে গিয়ে মোস্তফার হাতে লাঞ্ছিত হন শেখ রাসেলের কোচ মাহমুদুল হক লিটন। তা নিয়েই যত উত্তেজনা! শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, "একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। এদিনের ঘটনা সত্যই দুঃখজনক। আমরা আশা করছি বাফুফে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" তবে মাঠের বাইরের বিষয় নিয়ে এদিন যত উত্তেজনা ছিল, খেলায় ছিল না তার লেশ মাত্রও। শেখ রাসেল যেমন পারেনি নিজেদের নামের প্রতি সুবিচার করতে। তেমনি আগের ম্যাচে শক্তিশালী শেখ জামালের বিপক্ষে জয় পাওয়া আরামবাগও ভালো খেলেছে তা বলা যাবে না। খেলায় প্রথম গোলের দেখা পায় আরমবাগ। ৪৩ মিনিটে বানগুরা ইসমাইলের গোলে এগিয়ে যায় তারা (১-০)। শরিফের ক্রস থেকে ইসমাইল হেডে করে শেখ রাসেলের জালে বল জড়িয়ে দেন। তবে এ ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫২ মিনিটে ইউসেফের করা গোলে খেলায় সমতা ফেরে। এদিনের ড্রয়ে ৬ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তালিকায় শেখ রাসেলের অবস্থান তৃতীয়। অথচ লিগের চতুর্থ রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিল তারাই। রাসেল তিন ম্যাচে জিতেছে, দুটিতে ড্র এবং একটিতে হেরেছে। আর আরামবাগের ৬ খেলায় ৬ পয়েন্ট। তারা একটিতে জিতেছে, ৩ খেলায় ড্র এবং দু'টিতে হেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫৫ ঘ.