ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের মেয়েদের এককের শিরোপা জিতেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। এটা তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা।
ফাইনালে চীনের লি নাকে ৬-৩, ৩-৬ ও ৩-৬ গেমে হারান তিনি।
মেলবোর্নে শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনালের প্রথম সেট জেতেন প্রতিযোগিতার নবম বাছাই লি না। একই সঙ্গে প্রথম এশিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যান তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ক্লাইস্টার্স। আর পর পর দুই সেট জিতে অবসর থেকে ফেরার পর নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে তিনবার ইউএস ওপেন শিরোপা জেতেন ক্লাইস্টার্স।
২০০৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন ক্লাইস্টার্স। তবে সেবার স্বদেশী জাস্টিন হেনিনের কাছে হেরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০২ ঘ.
bdnews24