২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসকে হারিয়ে সেমিতে রোমা

কোপা ইতালিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ০-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এ এস রোমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা ইতালিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসকে ০-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এ এস রোমা। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রোমা ও জুভেন্টাস। শুরু থেকেই দু'দলের খেলায় গতির যথেষ্ট অভাব ছিল। এলোমেলো প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও খেলায় কোনো পরিবর্তন হচ্ছিলো না । মাঝমাঠের বৃত্ত পেরিয়ে কোনো দলই বিপক্ষের রক্ষণভাগে প্রবেশ করতে পারছিলো না। তবে ৬৫ মিনিটে ড্যানিয়াল ডি রসির দৃষ্টিনন্দন পাস জুভেন্টাসের ডি-বক্সে পেয়ে যান মিরকো ভুচিনিচ। অসাধারণ দক্ষতায় ড্রিবলিং করে বাঁকা শটে জুভদের জালে বল জড়িয়ে দেন রোমার আক্রমণভাগের এই খেলোয়াড়। তিন মিনিট পরে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রোমা। রড্রিগো তাদেইজের কর্নার গিয়ে পড়ে ফিলিপ্পো মেক্সাসের মাথায়। তীব্র হেডও করেছিলেন তিনি। কিন্তু গোলরক্ষক মার্কো তোরারির বিশ্বস্ত হাত বাঁচিয়ে দেয় জুভদের। খেলার অতিরিক্ত সময়ে আবারও ড্যানিয়াল ডি রসির দৃষ্টিনন্দন পাস, বল পান তাদেইজ। ১২ গজ দূর থেকে নেওয়া তার তীব্র শট জুভেন্টাসের জালে জড়াতেই নিশ্চিত হয়ে যায় রোমার জয়। সেমিফাইনালে এ এস রোমার প্রতিপক্ষ ইন্টার মিলান। অপর সেমিফাইনালে পালের্মো খেলবে এসি মিলানের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭৫৪ ঘ.