ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে আগের খেলায় ঢাকা মোহামেডানকে হারালেও ঢাকা আবাহনীর সঙ্গে আর পেরে ওঠেনি ব্রাদার্স ইউনিয়ন। বৃহষ্পতিবার ১-০ গোলে হার মানে গোপীবাগের দলটি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্ক।
খেলার ৬১ মিনিটে বক্সের ঠিক সামনে থেকে প্রচণ্ড শট নেন দলের ঘানার খেলোয়াড় ফ্রাঙ্ক। বলটি ঠেকানোর কোনো সুযোগই পাননি ব্রাদার্সের গোলরক্ষক।
এরপরই চাঙ্গা হয়ে ওঠে আবাহনীর খেলোয়াড়রা। চালাতে থাকে একের পর এক আক্রমণ। আর তা ঠেকাতেই যেন ব্যস্ত থাকে ব্রাদার্স ইউনিয়নের রক্ষণভাগ।
খেলার ৭৫ মিনিটে ব্রাদার্সের বক্সে বল নিয়ে ঢুকতেই গোলরক্ষক সবুজ দাস রঘু ধাক্কা দিয়ে ফ্রাঙ্ককে মাটিতে ফেলে দেন। রেফারি আব্দুল হান্নান মিরন গোলরক্ষককে লাল কার্ড দেখাতে এক মুহূর্তও দেরি করেননি। এ সময় উভয় দলে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফলে খেলা বন্ধ থাকে প্রায় দশ মিনিট।
এর আগে চোট পাওয়ায় ব্রাদার্সের প্রথম গোলরক্ষক মিতুল হাসানকে মাঠ ছাড়তে হয়। রঘুকেও মাঠ ছাড়তে হলে রীতিমতো বিপাকে পড়ে যায় গোপীবাগের দলটি। বাকি সময় দলের রক্ষণভাগের ব্রাজিলের খেলোয়াড় ড্যানিলো রিভালদোকে গোলরক্ষকের দায়িত্ব পালন করতে হয়।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। লড়াই হয়েছে প্রায় সমানে সমান।
খেলার ৩৮ মিনিটে ব্রাদার্স একটি সহজ সুযোগ নষ্ট করে। মাঝমাঠ থেকে এভারটন বল ঠেলে দেন বিচা রিচার্ডের কাছে। আবাহনীর রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে তীব্র শট নেন তিনি। কিন্তু অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন গোলরক্ষক।
আবাহনীও এগিয়ে যাওয়ার সুযোগ পায় খেলার ৪৩ মিনিটে। শাখাওয়াত হোসেন রনি মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেন রঘু।
এই খেলায় জিতে ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী উঠে গেল তালিকার শীর্ষে। আর ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স রয়েছে সপ্তম স্থানে।
বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৭ ঘ.
bdnews24