২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জকে হারিয়ে যাত্রা শুরু পাকির আলীর

জয় দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করলেন পাকির আলী। আগের খেলায় হারার পর মঙ্গলবার তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে জিতেছে ফরাশগঞ্জের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করলেন পাকির আলী। আগের খেলায় হারার পর মঙ্গলবার তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে জিতেছে ফরাশগঞ্জের বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ জামাল প্রথম গোল পায় ভাগ্যের জোরে। খেলার ৪৯ মিনিটে শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হকের শট মাথা দিয়ে বিপদ মুক্ত করতে গিয়ে ফরাশগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় আহমেদ রনি নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ৫৭ মিনিটে দলের মাঝমাঠের আফ্রিকার খেলোয়াড় মদো হুইগেজের বাড়ানো বল গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠিয়ে দেন শাকিল আহমেদ। খেলার প্রথমার্ধে অবশ্য কোনো দলই গোল করতে পারেনি। তবে কিছুটা হলেও ভালো খেলেছে ফরাশগঞ্জ। খেলার ৩৯ মিনিটে ফরাশগঞ্জের আফ্রিকার খেলোয়াড় মোজেজের ভাসানো বলে মাথা লাগাতে পারেননি মলয় বর্মণ। গোলরক্ষক বারপোস্টের কিছুটা দূরে থাকায় নষ্ট হয় নিশ্চিত একটি গোলের সুযোগ। আরেকটি সুযোগ নষ্ট হয় ৪৫ মিনিটে। দলের আক্রমণভাগের আফ্রিকার খেলোয়াড় কালু জনসন মাথা দিয়ে বল পাঠাতে চেষ্টা করেন জালে। কিন্তু পোস্টে ফিরে আসে বলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফরাশগঞ্জের খেলায় আগের ছন্দ আর খুঁজে পাওয়া যায়নি। শেখ জামালের আক্রমণের মুখে ভেঙ্গে পড়ে তাদের রক্ষণভাগ। আগের খেলায় আরামবাগের কাছে ১-০ গোলে হার মানে শেখ জামাল। শেখ জামাল ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ফরাশগঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৪৮ ঘ.