ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন বেশ কিছুদিন আগে। তার প্রশিক্ষণে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল প্রথমবারের মতো কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাই ফুটবলে দু'টি ম্যাচ খেলবে। কিন্তু এখনো ভালোভাবে প্রস্তুতি শুরু করতেই পারেননি রুবচিচ। প্রথমে প্রশিক্ষণের জন্য তিনি ৪৫ দিনের পরিকল্পনা দিয়েছিলেন। পরে তা কমিয়ে আনেন ৪০ দিনে, এরপরে ১৫ দিন, এক সপ্তাহ ও সব শেষে দু'দিনের পরিকল্পনা দিতে বাধ্য হন। শেষ পর্যন্ত তাও ব্যর্থ হয়। এখন তিনি তাকিয়ে আছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দিকে। অপেক্ষা করছেন তাদের সিদ্ধান্তের। এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।
প্রশ্ন: কেমন আছেন?
উত্তর: ভালো আছি। তবে কিছুটা চিন্তায় রয়েছি।
প্রশ্ন: কেন, কোনো সমস্যা?
উত্তর: না, তেমন কোনো সমস্যা নয়। প্রস্তুতি ভালোভাবে নিতে পারছি না, তাই কিছুটা চিন্তায় আছি।
প্রশ্ন: এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন?
উত্তর: জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের সঙ্গে কথা হয়েছে। আমি একমাস সময় চেয়েছি। তা না হলে ভালোভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হবে না।
প্রশ্ন: আপনি তো এর আগে একটা পরিকল্পনা নিয়েছিলেন। বাংলাদেশ লিগের মাঝামাঝি সময় একটি/দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার। কিন্তু তা পারেননি কেন?
উত্তর: আসলে এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি দল চেয়েছি। খেলোয়াড় আসবে, প্রশিক্ষণ ক্যাম্প হবে। কিন্তু কয়েকজন খেলোয়াড় আসেনি, তাই ভেস্তে গেছে পরিকল্পনা।
প্রশ্ন: এখন আপনার পরিকল্পনা কি?
উত্তর: আমি জানি না। বসে বসেই সময় কাটাতে হচ্ছে। বাফুফে কর্মকর্তারাই বলতে পারবেন পরবর্তী পরিকল্পনা কি।
প্রশ্ন: সময় তো খুব একটা হাতে নেই?
উত্তর: হ্যাঁ, সময় হাতে একদমই নেই। ২৩ ফেব্র"য়ারি কুয়েতের মাটিতে আমাদের প্রথম খেলা হবে দেশটির সঙ্গে। ফিরতি খেলা হবে ঢাকায় ৯ মার্চ।
প্রশ্ন: প্রতিপক্ষ কুয়েত সম্পর্কে নিশ্চয় কিছু ধারণা আছে?
উত্তর: হ্যাঁ, কিছুটা আছে। কারণ আমার এক বন্ধু কোচের কাজ করছেন কুয়েতে। তার কাছ থেকেই কিছু ধারণা পেয়েছি।
প্রশ্ন: বাংলাদেশ দলের প্রস্তুতিতে যে ব্যাঘাত ঘটছে, তাতে সমস্যা হবে না?
উত্তর: হবে তো অবশ্যই। তাই টানা 'এক মাস' ক্যাম্প করার প্রস্তাব দিয়েছি বাফুফেকে। নইলে ভালো কিছু করা অসম্ভব। (এক মাসের ক্যাম্প করতে হলে রোববারই (আজ) তা শুরু করতে হবে।)
প্রশ্ন: বাংলাদেশ লিগের প্রায় প্রতিটি খেলাই তো দেখছেন । খেলোয়াড়দের কেমন মনে হচ্ছে ?
উত্তর: বাংলাদেশের খেলোয়াড়রা একটু ধীরগতির ফুটবল খেলে। আর্ন্তাজাতিক ফুটবলে যে কাজটি ২ সেকেন্ডে করতে দেখা যায়, বাংলাদেশের ফুটবলাররা সে কাজটি করে ৫ সেকেন্ড অথবা তার চেয়ে বেশি সময় ধরে। আর আমার পরিকল্পনা এসব জায়গায় কাজ করা।
প্রশ্ন: শুনেছি, আপনার পছন্দের খেলোয়াড়রা অনেকেই ক্লাব দলের মূল একাদশে জায়গা পাননা। এটা কি আপনার জন্য একটা বড় সমস্যা?
উত্তর: তেমন কোনো সমস্যা হবে না। তবে বেশিরভাগ খেলোয়াড়ই প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না মূলত বয়সে একেবারে তরুণ বলে। তবে খেলা দেখতে না পারায় তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পাচ্ছি না। খেলা দেখতে পেলে আগে থেকে পরিকল্পনা করা সম্ভব হতো।
প্রশ্ন: আপনিতো শুরুতে বাফুফেকে একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দিয়েছিলেন?
উত্তর: হ্যাঁ, আমি ৪৫ দিনের একটি পরিকল্পনা দিয়েছিলাম। পরে তা কমিয়ে ৪০ দিন, ১৫ দিন, এক সপ্তাহ ও সব শেষে দুদিনের পরিকল্পনা দিয়েছিলাম। কোনটাই হয়নি। এখন দেখি, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কি করে। সে দিকেই তাকিয়ে থাকতে হবে আমাকে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৮৫২ ঘ.
bdnews24