২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া

ইয়োন বিট-গারামের অতিরিক্ত সময়ের গোলে ইরানকে ০-১ গোলে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়োন বিট-গারামের অতিরিক্ত সময়ের গোলে ইরানকে ০-১ গোলে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। অপর কোয়ার্টার ফাইনালে একই ব্যবধানে ইরাককে বিদায় করে দিয়ে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। দোহায় শনিবার শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ও ইরান এলোমেলো ফুটবল খেলতে থাকে। তারপরও নজর কাড়েন কোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় চা-দু-রি। ডান প্রান্ত দিয়ে বার বার উঠে গিয়ে ইরানের রক্ষণভাগে চড়াও হচ্ছিলেন তিনি। আবার দ্রুত নেমে এসে রক্ষণভাগও সামাল দেন তিনি দক্ষতার সঙ্গে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে অবশ্য খেলা কিছুটা হলেও জমজমাট হয়ে ওঠে। কিন্তু গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু তখন কোনো দলই ঝুঁকি নিতে চাচ্ছিল না। ফলে তৈরি হচ্ছিল না গোলের সুযোগও। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন বিট-গারাম। একাই বল টেনে গিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। তারপর প্রচণ্ড শট। বল জড়িয়ে যায় জালে। শেষ ১৫ মিনিটে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান। কিন্তু দেখা মেলেনি গোলের। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া খেলবে জাপানের সঙ্গে। আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে উজবেকিস্তানের। দু'টি সেমিফাইনালই হবে ২৫ জানুয়ারি। ইরাক ও অস্ট্রেলিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনালেও গোল হয়নি নির্ধারিত সময়ে। ফলে এই খেলাটিও গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ১১৮ মিনিটে অস্ট্রেলিয়ার হ্যারি কোয়েল মাথা দিয়ে বল পাঠিয়ে দেন ইরাকের জালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৩১২ ঘ.