২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের কাছে মোহামেডানের হার

হারটা যেন পিছু ছাড়ছেই না ঢাকা মোহামেডানের। শনিবার ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরেছে সাদা-কালো শিবির। আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হারে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হারটা যেন পিছু ছাড়ছেই না ঢাকা মোহামেডানের। শনিবার ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরেছে সাদা-কালো শিবির। আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হারে তারা। অন্য দিকে গ্রামীণফোন বাংলাদেশ লিগে ব্রাদার্সের এটি প্রথম জয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে বিভালদো ও তরুর করা গোলে জয় তুলে নেয় গোপীবাগের ক্লাবটি। তবে দু'টি গোলের জন্যই বল বানিয়ে দেন ব্রাজিলিয়ান মাঝমাঠের খেলোয়াড় এভারটনের। যদিও ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আর পেরে ওঠেনি মোহামেডান। ব্রাদার্সের জোরালো আক্রমণের সামনে এক রকম ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোলটি পায় ব্রাদার্স। ব্রাজিলের মাঝমাঠের ফুটবলার এভারটনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে মোহামেডানের জালে বল জড়ান আরেক ব্রাজিলীয় বিভালদো। একটি গোল হজম করে তা শোধ করতে মরিয়া হয়ে ওঠার কথা মোহামেডানের। কিন্তু তারা গোল করার কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অথচ একটি গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে গোপীবাগের ক্লাবটি। এর ফল হিসেবে তারা পায় আরো দু'টি গোল । যদিও একটি গোল পরে বাতিল হয়ে যায়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলের দেখা পায় ব্রাদার্স। যেটি আর বাতিল করতে পারেননি রেফারি তৈয়ব হাসান বাবু। এভারটনের ব্যাকপাস থেকে তন্ময় হোসেন তরুর অসাধারণ মাটি গড়ানো শট মোহামেডানের জালে আশ্রয় নেয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জের কাছে হেরে যাওয়ার ব্যথা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি হারের স্বাদ নিতে হলো মোহামেডানকে। মজার বিষয় দু'টি ম্যাচে তারা হেরেছে একই ব্যবধানে, ২-০ গোলে। এ জয়ে ব্রাদার্স কোচ খন্দকার ওয়াসিম ইকবাল উচ্ছ্বসিত। বলেন, "চার ম্যাচ পর আমরা জয় পেয়েছি। এ জয়টি আমাদের খুবই প্রয়োজন ছিল। খেলোয়াড়রা চোট কাটিয়ে উঠছেন। খেলায়ও ফিরেছেন। বিশেষ করে এভারটনের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছি আমরা।" মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, "আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি তাই জয় পায়নি। প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে।" এ জয়ে ব্রাদার্সের ঝুলিতে জমা পড়েছে ছয় পয়েন্ট। তারা একটিতে জিতলেও ড্র করেছে তিন ম্যাচে। আর মোহামেডান নয় পয়েন্ট নিয়ে নেমে গেলো চতুর্থ স্থানে। তারা প্রথম তিন ম্যাচে জয় পেলেও হেরেছে শেষ দু'টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০০৫ ঘ.