ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে শুক্রবার ঢাকা আবাহনী ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পুরনো ঢাকার দল রহমতগঞ্জকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলেই মূলত এ বড় জয় পায় আবাহনী।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। আবাহনী বল দখলে এগিয়ে থাকলে প্রথম ৪৫ মিনিট তেমন কোনো আক্রমণ গড়তে পারেনি। তাই পারেনি কোনো গোলও আদায় করতে।
সে হিসেবে রহমতগঞ্জ ছিল এগিয়ে। পাল্টা আক্রমণ থেকে তারা অনেকগুলো সহজ সুযোগ তৈরি করেছিল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় কোনো গোল আদায় করতে পারেনি পুরনো ঢাকার দলটি।
ম্যাচের শুরুতেই রহমতগঞ্জ সহজ কয়টি সুযোগ হাত ছাড়া করে। ৫ মিনিটে আফ্রিকান আক্রমণভাগের ফুটবলার ফেলিক্স আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়েও গোল করতে পারেননি।
পরে নাইজেরিয়ার খেলোয়াড় পল ২৫ মিনিটে আরেকটি সুযোগ হাত ছাড়া করেন।
দ্বিতীয়ার্ধে গিয়ে আবাহনীর চেহারাটাই যেন পাল্টে যায়। তাদের আক্রমণের ধার অনেকটাই বেড়ে যায়। তাই একে একে চারটি গোল আদায় করে নেয় তারা।
৫০ মিনিটে ঘানার আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্ক করেন প্রথম গোলটি। আড়াআড়িভাবে বল ঠেলে দেন সতীর্থ ইব্রাহিম। বল পেয়ে সুন্দর শটে গোলটি করেন ফ্রাঙ্ক।
১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। তবে এ গোলটি হয় অনেকটা কাকতালীয় ভাবে। ডান প্রান্ত থেকে ইব্রাহিম একটি বল বিপদ সীমানায় ফেললে রহমতগঞ্জের গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বলটি বাউন্স করে জালে জড়ায়।
খেলার ৭১ মিনিটে নাইজেরিয়ার খেলোয়াড় পলের করা গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। পলের করা শট আবাহনী ডিফেন্ডার সামাদের গায়ে লেগে বল জালে আশ্রয় নেয়।
একটি গোল পেয়েও খেলায় ফিরতে পারেনি রহমতগঞ্জ। বরং পরে আরও দু'টি গোল হজম করতে হয় তাদের। বাকি দু'টি গোল করেন রনি।
খেলার ২৮ মিনিটে সিরাজীর আড়াআড়িভাবে বল উঠিয়ে মারলে মাথা দিয়ে দলের পক্ষে তৃতীয় গোল করেন রনি। আর ৩৩ মিনিটে প্রাণতোষের বানিয়ে দেয়া বল থেকে রনি ব্যক্তিগত দ্বিতীয় এবং আবাহনীর পক্ষে চতুর্থ গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৪-১ এ।
রহমতগঞ্জের বিপক্ষে জয় পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই ফিরে আসলো তারা। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উঠে গেলো দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শেখ রাসেল রয়েছে শীর্ষে। আর রহমতগঞ্জ থেকে গেলো সেই পঞ্চম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০০০ ঘ.
bdnews24