ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা ২৮ খেলায় অপরাজিত থাকার পর শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলো বার্সেলোনাকে। 'কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় রিয়াল বেটিসের কাছে ৩-১ গোলে হার মানে পেপ গার্দিওলার দল।
হারের পরও ৬-৩ গোল ব্যবধানে এগিয়ে থাকায় 'কোপা দেল রে'র সেমিফাইনাল নিশ্চিত হয় বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় বেটিসকে হারায় তারা ৫-০ গোলে।
অন্য দুই কোয়ার্টার ফাইনালে সেভিয়া ৩-০ গোলে ভিলারিয়ালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ৩-২ গোলে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে বার্সা ও সেভিয়ার সঙ্গে যোগ দেয় আলমেরিয়া।
বেটিসের মাঠে খেলার ৭ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে বার্সেলোনা। দু'টি গোলই করেন জর্জি মলিনা। চলতি মৌসুমে দুর্দান্ত 'ফর্মে' থাকা লিওনেল মেসি ৩৮ মিনিটে একটি গোল শোধ করেন। কিন্তু প্রথমার্ধের অতিরিক্তি সময়ে আরেকটি গোল হজম করে বার্সা। গোলটি দেন আরজু।
দ্বিতীয়ার্ধে দু'দলের খেলাতেই পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে ওঠে। ৫৪ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি মেসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭০৪ ঘ.
bdnews24