২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খারাপ খেললে তারকারাও বাদ, প্রয়োজনে নতুন মুখ'

লন্ডন অলিম্পিক গেমসের প্রাক-বাছাই ফুটবলকে সামনে রেখে বাংলাদেশের দলের জন্য একদিনের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হয়েছে বুধবার। এর অংশ হিসেবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিক গেমসের প্রাক-বাছাই ফুটবলকে সামনে রেখে বাংলাদেশের দলের জন্য একদিনের প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হয়েছে বুধবার। এর অংশ হিসেবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। জাতীয় দলের ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ বলেন, "বাংলাদেশ লিগে তারকা খেলোয়াড়রা খারাপ খেললে আমার দলে জায়গা পাবেন না।" প্রয়োজনে নতুনদের তিনি সুযোগ দেবেন বলে জানান। জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু জানান, ক্যাম্পে ডাকা হয়েছে ২৮ ফুটবলারকে। দুই দলে ভাগ হয়ে তারা এই ম্যাচ খেলবেন। খেলোয়াড় বেছে নেয়ার জন্য এই ক্যাম্প ডাকা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে বেছে নেয়া খেলোয়াড়দের নাম পাঠানো হবে। নাম পাঠানোর শেষদিন ২৩ জানুয়ারি। ২৮ জনের দলে তিনজন নতুন ফুটবলার নেয়া হয়েছে। তারা হলেন রহমতগঞ্জের মাঝমাঠের খেলোয়াড় জামাল হোসেন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শাহেদুল ইসলাম ও শেখ রাসেলের রক্ষণভাগের খেলোয়াড় মাহফুজ বাবু। শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ ও রক্ষণভাগের খেলোয়াড় মিন্টু শেখ ক্যাম্পে যোগ দিয়েছেন বলে জানান সহকারী কোচ। তারা দু'জনই আগে ক্যাম্পে যোগ দেননি। এদিকে এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ঢাকা মোহামেডানের সঙ্গে একটি করে প্রদর্শনী ম্যাচ খেলে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করলেও মোহামেডানের কাছে হেরেছে তারা। এ দু'টি ম্যাচ খেলেছেন তারা বহুদিন আগে। মাঝে কোনো ক্যাম্প না ডাকায় রুবচিচ কিছুদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৭ ঘ.