২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যতরুণ, সিসিএস ও ওল্ড ডিওএইচএসের জয়

ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বের খেলায় জিতেছে সূর্যতরুণ, ওল্ড ডিওএইচএস ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম পর্বের খেলায় জিতেছে সূর্যতরুণ, ওল্ড ডিওএইচএস ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। সূর্যতরুণ ভিক্টোরিয়াকে ৪ উইকেটে, সিসিএস বিকেএসপিকে ৪ রানে ও ওল্ড ডিওএইচএস ৪৩ রানে হারায় গাজী ট্যাঙ্ককে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মমিনুল হকের অপরাজিত ১১৬ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ভিক্টোরিয়া ৯ উইকেটে ২৪১ রান করে। দলের পক্ষে ৩৩ রান করেন মাইসুকুর রহমান। তারিক আহমেদও করেন ৩৩। সূর্যতরুণের পক্ষে ৩টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও রিজওয়ান। এ জন্য রাজ্জাক দেন ৩৬ রান। রিজওয়ান দেন ৪৮। রান তাড়া করতে নেমে উইকেটরক্ষক ধীমান ঘোষের অপরাজিত ১০৭ রানের সুবাদে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ২৪২ রানে পৌঁছে যায় সূর্যতরুণ। ফলে ৪ উইকেটে জেতে সূর্যতরুণ। ফতুল্লা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ৮৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান করে সিসিএস। শুভাগত হোম চৌধুরির ব্যাট থেকে আসে ৬৮ রান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অধিনায়ক আসিফ আহমেদ হ্যাট্রিক করেন। তিনি হ্যাট্রিকসহ ৪ উইকেট নেন ২৯ রানে। এ মৌসুমে এটাই প্রথম হ্যাট্রিক। রান তাড়া করতে নেমে সিসিএসের তারিকুল ইসলাম ৪৭, লিটন দাস ৪২, আশরাফুল আজিজ ৪৬ ও জুপিটার ঘোষ করেন ২৯ রান। শেষ ৩৭ বলে বিকেএসপির জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪২ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তারা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানে থেমে যায় তাদের পালা। ফলে ৪ রানের জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে আশরাফুলরা। সিসিএসের পক্ষে আবুল বাশার ও তাপস ঘোষ ২টি করে উইকেট নেন। বিকেএসপিতে টস জিতে গাজী ট্যাঙ্ক ব্যাট করতে পাঠায় ওল্ড ডিওএইচএসকে। নাসির জামসেদের ৫৮, আফতাব আহমেদের ৩৭ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট ২৩৪ রান করে ওল্ড ডিওএইচএস। গাজীর পক্ষে অধিনায়ক নাঈম ইসলাম নেন ২ উইকেট। রান তাড়া করতে নেমে ফরহাদ রেজা (৪/৩৭) ও রাশিদ হানিফের (৩/৩৫) মারাত্মক বোলিংয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে যায় গাজী। ফলে ৪৩ রানের সহজ জয় পায় ওল্ড ডিওএইচএস। গাজীর পক্ষে নাসির হোসেন ৪৩ ও আমের সাজ্জাদ ৪০ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২১৪ ঘ.