২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়ের দিনে রিয়ালের ড্র

স্পেনের লা লিগায় ডেভিড ভিয়ার জোড়া গোলের সুবাদে মালাগাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব ফুটবলে টানা ২৮ খেলায় অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে আলমেরিয়ার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় ডেভিড ভিয়ার জোড়া গোলের সুবাদে মালাগাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব ফুটবলে টানা ২৮ খেলায় অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে আলমেরিয়ার সঙ্গে। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আটঘাট বেঁধেই নামে বার্সা। দ্রুত মাঠের দখলও নিয়ে নেয় তারা। ফলে এগিয়ে যেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দানি আলভেসের কাছ থেকে বল পেয়ে খেলার ৮ মিনিটেই গোলরক্ষক সার্জিও অ্যাসেনজোকে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আন্দ্রেস ইনিয়েস্তা। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ভিয়া। ৩৬ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান পেদ্রো রড্রিগুয়েজ। অবশ্য ৬৮ মিনিটে একটি গোল শোধ করে মালাগা। সার্জিও দুদা বার্বোসার বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিক আশ্রয় নেয় বার্সার জালে। মালাগার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই ভিয়াই, ৭৮ মিনিটে। অন্য খেলায় আলমেরিয়ার মাঠে ড্র করে ফিরেছে হোসে মরিনহোর রিয়াল। তার দলের হয়ে ৬০ মিনিটে গোল করেন হোসে লিওনার্দো উল্লোয়া। আলমেরিয়াকে সমতায় ফেরান এস্তেবান গ্রানেরো, ৭৭ মিনিটে। অন্য খেলায় ভালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে দের্পোতিভো লা করুনাকে। ১৯ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান খেলায় ৪৮ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলারিয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৮ ঘ.