ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন কোচ হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন পাকির আলী। তার ঢাকায় আসার কথা সোমবার দুপর সাড়ে ১২ টায়।
দলের ম্যানেজার আনোয়ারুল কবীর হেলাল বলেন, "পাকির আলী ঢাকায় নেমেই বিমানবন্দর থেকে সরাসরি মাঠে চলে যাবেন। সময় পেলে হয়তো হোটেলেও যাবেন।"
ঢাকার ফুটবলের অতি পরিচিত মুখ শ্রীলঙ্কার এই কোচ। খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন তিনি ঢাকা আবাহনীতে।
খেলা ছেড়ে দেয়ার পর আবাহনীর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কোচ ছিলেন মোহামেডানেরও। সে সুবাদেই সাবেক এই ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেন শেখ জামালের কর্মকর্তারা।
ক্লাব সভাপতি মঞ্জুর কাদের বলেন, "আমরা পাকির আলীর আসার আপেক্ষায় আছি। তিনি ঢাকার পথে রয়েছেন। এখন আছেন ব্যাংকক বিমান বন্দরে।"
পাকির আলী মালদ্বীপের একটি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন বহুদিন।
মাসে আড়াই হাজার ডলার বেতন পাবেন পাকির আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১০৪ ঘ.
bdnews24