ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্বল ফেনী সকার ক্লাবের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে রোববার মিথুন চৌধুরীর জোড়া গোলের সুবাদে দলটি জিতেছে ২-১ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে ফেনীর পক্ষে একমাত্র গোলটি করেন তৌহিদুল আলম।
খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৯০ ) মিথুনের করা গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জাহিদ চৌধুরী বক্সের মধ্যে বল তুলে দিলে মাথা দিয়ে তা জড়িয়ে দেন ফেনীর জালে।
দ্বিতীয় গোল পেতে মুক্তিযোদ্ধাকে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তারা। এবারও গোল দেন মিথুন। খেলার ৫৬ মিনিটে দলের নাইজেরিয়ার খেলোয়াড় বুকোলার গড়ানো শট ফেনীর গোলরক্ষক পিরু ঠেকিয়ে দিলেও বল চলে যায় মিথুনের পায়ে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার।
এই খেলায় মুক্তিযোদ্ধা জিতলেও অনেক কষ্ট করতে হয়েছে তাদের। প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত তাদের ঠেকিয়ে রেখেছিল ফেনী। অল্প সময়ের ব্যবধানে দু'টি গোল করলেও তাদের খেলায় কোনো ছন্দ ছিল না। কেননা মুক্তিযোদ্ধাকে জায়গা বানিয়ে খেলার সুযোগ দেয়নি ফেনী।
মুক্তিযোদ্ধার এলোমেলো খেলার সুযোগ নিয়ে একটি গোল শোধ করে ফেনী। ৭২ মিনিটে গোলটি করেন তৌহিদুল আলম। নয়নের হাওয়ায় ভাসানো ফ্রি-কিক মাথা দিয়ে পাঠিয়ে দেন তিনি জালে।
চার খেলায় এটি মুক্তিযোদ্ধার তৃতীয় জয়। হেরেছে কেবল শেখ জামালের কাছে। আর হেরেই চলছে ফেনী।
জয় পেয়েও খুশি মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক। বলেন, "আগের খেলার চেয়ে আমার দল ভালো খেলেছে। তাই আরও বড় ব্যবধানে জিতলে অবাক হওয়ার কিছু ছিল না।"
আর ফেনীর কোচ আবু ইউসুফ বলেন, "প্রথমার্ধে দল ভালো খেললেও দ্বিতীয়ার্ধে আর সে ছন্দ ধরে রাখতে পারেনি তার দল। তাই হার মানতে হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৯ ঘ.
bdnews24