ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
টাইব্রেকারে নিশ্চিন্তপুর বিদ্যালয় ৪-২ গোলে হারায় নারায়ণগঞ্জের ইসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ।
ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় ১-১ গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় খেলা।
টাইব্রেকারে নিশ্চিন্তপুরের পক্ষে আজমাইন, আজাদ, সুমন ও মেহেদী গোল করে দলের জয় নিশ্চিত করে।
ইসদাইরের পক্ষে রজন ও জাকির গোল করলেও ব্যর্থ হয় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ইসদাইরের সেলিম এবং সজল।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নির্ধারিত সময়ের ৩৬ মিনিটে এমদাদের গোলে এগিয়ে যায় নিশ্চিন্তপুর (১-০)।
এ ব্যবধান তারা ধরেও রেখেছিল খেলার পুরো সময়। কিন্তু অতিরিক্ত সময়ের এক গোলে সব হিসেব নিকেশ পাল্টে যায়।
খেলার অতিরিক্ত সময়ে ইসদাইরের পক্ষে সেলিম গোল করে ম্যাচের সমতা ফেরায়। কিন্তু টাইব্রেকারে গিয়ে আর রুখতে পারেনি তারা।
তাই রানার-আপ হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
চ্যাম্পিয়ন নিশ্চিন্তপুরের পক্ষে সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান পুরস্কার গ্রহণ করেন।
চ্যাম্পিয়ন দল এক লাখ টাকার অর্থ পুরস্কার পায়। আর রানার-আপ দল পায় পঞ্চাশ হাজার টাকা।
ম্যান অব দ্য ফাইনাল নিশ্চিন্ত পুরের এমদাদ। একই দলের রুবেল হন সর্বোচ্চ গোলদাতা। আর প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন ইসদাইরের সেলিম।
প্রতিযোগিতায় যদিও তিন জন সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। পরে লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করা হয়।
বিজয়ীরা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০১০ ঘ.
bdnews24