ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিন বিরতির পর বৃহস্পতিবার আবারো শুরু হচ্ছে গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লীগ। ঢাকা আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চতুর্থ পর্বের খেলা।
খেলাটি হবে কক্সবাজার স্টেডিয়ামে।
ঢাকা আবাহনী আগের ম্যাচে ফরাশগঞ্জের কাছে হেরে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রতিযোগিতায় ফিরতে হলে চট্টগ্রামের দলটিকে তাই তাদের হারাতেই হবে।
আবাহনীর কোচ আলী আকবর জানিয়েছেন, "জয়ের বিকল্প কিছু ভাবার আবকাশ নেই আমাদের সামনে। কারণ তিন ম্যাচ থেকে আমরা পেয়েছি মাত্র ৪ পয়েন্ট । তাই জিততেই হবে আমাদের। খেলোয়াড়রাও প্রস্তুত।"
আগের তিনটি খেলায় বর্তমান লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মাত্র একটিতে জয় পেয়েছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জয় পায় তারা। আর প্রথম খেলায় শেখ জামালের সঙ্গে ড্র এবং তৃতীয় খেলায় ফরাশগঞ্জের কাছে হেরে বসে তারা।
চট্টগ্রাম মোহামেডান অবশ্য ছাড় দিতে নারাজ। আবাহনীর কাছ থেকে অন্তত একটি পয়েন্ট ছিনিয়ে নিতে চায় তারা। দলটির ভারপ্রাপ্ত কোচ আবু সারোয়ার হোসেন জানিয়েছেন, "আমাদের হারানোর কিছু নেই। অন্তত ড্রয়ের জন্য লড়াই করবো আমরা।"
চট্টগ্রামের দলটি প্রথম তিন খেলা থেকে ৩ পয়েন্ট পেয়েছে। প্রথম খেলায় তারা ফেনী সকার ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জেতে। পরের দুই খেলায় শেখ রাসেল ও ঢাকা মোহামেডান কাছে হেরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯২২ ঘ.
bdnews24