ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লীগে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় খেলায় জিতলো শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের অন্য খেলায় নিজেদের মাঠে ব্রাদার্স ইউনিয়নকে রুখে দিয়েছে ফেনী সকার ক্লাব। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
খেলার শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে শেখ রাসেল। ৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে মোরো মোহাম্মদের আড়াআড়িভাবে বল দেন মরক্কোর চারুত ইউসুফকে। তার বাঁ পায়ের প্রচণ্ড শট গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের নাগালের বাইরে দিয়ে জড়িয়ে যায় জালে।
গোল খেয়ে তার শোধ করতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ১৬ মিনিটে ইদ্রিস কাসরির কাছ থেকে বল পেয়ে শট নেন জামাল হোসেন। কিন্তু বল চলে যায় বারের ওপর দিয়ে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়াতে পারতো শেখ রাসেল। বক্সের ঠিক বাইরে থেকে চার্লসের ফ্রি-কিক ঘুষি মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেন হিমেল।
৪৭ মিনিটে ডান দিক থেকে জামাল আড়াআড়িভাবে উঁচু দিয়ে বল ফেলেন শেখ রাসেলের বক্সের মধ্যে। কিন্তু সেই বলে মাথা লাগাতে ব্যর্থ হন শিরফিন রহমান রনি। ফলে নিশ্চিত গোল বঞ্চিত হয় পুরনো ঢাকার দলটি।
খেলার ৫৫ মিনিটে ফেলিক্সের ইদ্রিস কাসরির শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন গোলরক্ষক মামুন খান।
এই খেলায় জিতে ঢাকা মোহামেডানের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিলো শেখ রাসেল।
রহমতগঞ্জের কোচ আলী আজগর নাসির এই হার মেনে নিতে পারেননি। রেফারিকে দায়ী করে তিনি বলেন, "দু'টি নিশ্চিত পেনাল্টি আমাদের দেয়া হয়নি।
আজগর বলেন, "খেলা হয়েছে মুলত রেফারির সঙ্গে রহমতগঞ্জের।"
এদিকে খেলায় জিতে খুশি শেখ রাসেলের কোচ মাহমুদুল হক লিটন। তিনি বলেন, "চোট নিয়ে খেলেছে আমাদের তিন ফুটবলার মোরো, চার্লস ও ইনু শাহ। আহত থাকায় সামির ওমারি তো মাঠেই নামতে পারেননি।
"তাই এই খেলা নিয়ে আমি চিন্তায় ছিলাম। তবে দল জেতায় আমি খুশি", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২১৩৯ ঘ.
bdnews24