২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা করুনাকে উড়িয়ে দিলো বার্সেলোনা

স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। সেভিয়া ৩-২ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অ্যাথলেটিক বিলবাও ও মালাগার খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। সেভিয়া ৩-২ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অ্যাথলেটিক বিলবাও ও মালাগার খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে দেপোর্তিভো লা করুনা। তবে ২২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করার একটি সহজ সুযোগ পায় লা করুনা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো। খেলার ২৬ মিনিটে ডেভিড ভিয়ার গোলে এগিয়ে যায় বার্সা। মাঠের ডান প্রান্ত দিয়ে তিনি বল নিয়ে এগুতে থাকলে এগিয়ে আসেন লা করুনার গোলরক্ষক আর‌্যানজুবিয়া। তাকে কাটিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ভিয়া। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে লা করুনাকে চেপে ধরে বার্সা। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। খেলার ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ একটি গোল করে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। এই মৌসুমে লিগে এটি তার ১৮তম গোল। তৃতীয় গোলটি করেন ইনিয়েস্তা। জটলার মধ্য থেকে তিনি গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন জালে। এক মিনিট পর লা করুনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন জাভি হার্নান্দেজ। ১৮ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। তিন নম্বরে আছে ভিলারিয়াল। দলটির পয়েন্ট ৩৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৯ ঘ.