ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মিউজিক্যাল চেয়ার' খেলা চলছে। প্রতিযোগিদের মধ্যে একজন একজন করে বাদ পড়ছে। প্রতিযোগি অয়নের জন্য বড় ভাই আহনাফ ছটফট করছে দর্শক সারিতে বসে।
বাদ পড়তে পড়তে এক পর্যায়ে প্রতিযোগি এসে দাড়ায় চার জনে। সমান তালে উত্তেজনাও বাড়তে থাকে দর্শক সারিতে। চারজনের মধ্যে থেকে বাদ পড়ে যায় অয়ন। এতে আহনাফ সামান্য হতাশ হলেও তার আশা ছোট ভাই অয়ন ভবিষ্যতে ভালো করবে।
শুক্রবার রাজধানীতে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
ওই প্রতিযোগিতায় অংশ নেয় ৯ বছর বয়সী অটিস্টিক শিশু ইশমাম আর রাশিদ অয়ন। তার ভাই মতিঝিল মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আহনাফ আর রাশিদ সেখানে আসে মা নায়লা আক্তারের সঙ্গে।
অয়ন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত স্কুল 'কানন' এর নয়নতারা শাখার একজন ছাত্র।
আহনাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অয়ন চতুর্থ হলেও আমি হতাশ হইনি। আগামীতে ও আরো ভালো করবে। কয়েক বছর আগে তো ও বাসায় খুবই অস্থির থাকতো। এখন অনেক শান্ত হয়ে গেছে। খেলায় অংশ নিয়েছে এটাই বড় কথা।"
ঢাকা কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক নায়লা আক্তার বলেন, "প্রতিযোগিতায় অয়ন যেভাবে অংশ নিয়েছে তাতে মনে হয়েছে আগের তুলনায় ও অনেক স্বাভাবিক। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।"
এসব শিশুদের উৎসাহ যোগাতে মাঠে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ক্রীড়াবিদ জোবেরা রহমান নিলুসহ অনেকে।
ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. রওনাক হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অটিস্টিক শিশুরাও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। ওরাও স্বপ্ন জাগাতে পারে বাবা-মা'র মনে। পারে স্বাভাবিক শিশুর মতো খেলাধুলায় অংশ নিতে।"
তিনি বলেন, "কানন স্কুলে শিক্ষা-প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে তৃতীয়বারের মতো এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।"
অটিজম সম্পর্কে তিনি বলেন, "অটিজম কোনো মানসিক রোগ কিংবা প্রতিবন্ধিতা নয়। অটিজম হলো শিশুর মস্তিষ্ক বিকাশে একটি প্রতিবন্ধকতা। যার লক্ষণ শিশুর জন্মের তিন বছরের ভেতরেই প্রকাশ পায়।"
এসব লক্ষণের মধ্যে রয়েছে স্বাভাবিক সামাজিক আচরণ ও মৌখিক যোগাযোগে সীমাবদ্ধতা।
সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের পর প্রতিযোগিতার উদ্বোধন করেন দাবাড়
bdnews24