ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে গড়া দলটির এটি প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম খেলায় শেখ জামাল গোলশূন্য ড্র করে ঢাকা আবাহনীর সঙ্গে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সহজ জয় পেলেও খুব একটা ভালো খেলেনি শেখ জামাল। মূলত প্রতিপক্ষের ব্যর্থতার কারণেই জিতেছে তারা।
খেলার ৫৩ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে মিশুর শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফলে বল চলে যায় শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় মদো হুগুয়েজের পায়ে। সহজেই জালে জড়িয়ে দেন তিনি বল।
এই গোলের আগে মনে হচ্ছিল দু'দলই ড্রয়ের জন্য খেলছে। আক্রমণ চালাচ্ছিল খুবই সতর্কতার সঙ্গে। কিন্তু এই গোলটিই পাল্টে দেয় খেলার চিত্র। শেখ জামাল মরিয়া হয়ে ওঠে আরো গোল করতে।
৭৩ মিনিটে বদলি খেলোয়াড় তৌহিদুল আলম সবুজের গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। শাকিলের কাছ থেকে বল পেয়ে গোল দেন তিনি।
খেলায় হারার জন্য মুক্তিযোদ্ধা কোচ দায়ী করেন রক্ষণভাগের খেলোয়াড়দের। তিনি বলেন, "আমরাই প্রতিপক্ষকে গোল দেয়ার সুযোগ করে দিয়েছি।"
শেখ জামাল কোচ মোহাম্মদ রাফি বলেন, "দলের জয়ে আমি সন্তুষ্ট। তবে আরও ভালো খেলা দরকার ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০২৮ ঘ.
bdnews24