ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা মোহামেডান। তারা ১-০ গোলে হারায় ফরাশগঞ্জকে। আরেক খেলায় শেখ রাসেল ৩-০ গোলে উড়িয়ে দেয় চট্টগ্রাম মোহামেডানকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার মোহামেডান জিতলেও ঘাম ঝরাতে হয়েছে তাদের। পুরো খেলায় সমান তালে লড়েছে ফরাশগঞ্জ।
খেলার ৪২ মিনিটে রনি ইসলামের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। দলের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় এমেকা বল ঠেলে দেন বক্সের সামনে। বল পেয়েই রনি ফরাশগঞ্জের জালে জড়িয়ে দেন।
এর আগে গোলের একাধিক সুযোগ পায় মোহামেডান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। নইলে ব্যবধান আরো বাড়তে পারতো।
বিশেষ করে, ১৪ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন রনি। ইসমাইল ও এমেকার পা ঘুরে বল পেয়ে গোলরক্ষককে একা পান তিনি। তারপরও গোল দিতে পারেননি।
৩৬ মিনিটে ফরাশগঞ্জও একটি সুযোগ নষ্ট করে। আতিকুল ইসলামের কাছ থেকে বল পেয়ে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন সোহেল রানা। তবে গোল করতে পারেননি।
তাই হার মেনেই মাঠ ছাড়তে হয় ফরাশগঞ্জকে। এটি দলটির টানা দ্বিতীয় হার। এর আগে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হারে ফরাশগঞ্জ।
আর মোহামেডান তাদের প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জেতে ১-০ গোলে।
এদিকে কক্সবাজার স্টেডিয়ামে ১১ মিনিটে আব্বাসের গোলে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে এগিয়ে যায় শেখ রাসেল।
ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি দলটি। ১৯ মিনিটে শেখ রাসেলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সামির ওমারি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের খেলোয়াড়রা খুব একটা আক্রমণাত্মক ছিলেন না। তারপরও ৫২ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওয়াহেদ আহমেদ। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।
লাল কার্ড দেখে চট্টগ্রাম মোহামেডানের বিপ্লব দাসকে মাঠ ছাড়তে হয়।
এটি শেখ রাসেলের টানা দ্বিতীয় জয়। এর আগে তারা ১-০ গোলে হারায় ফরাশগঞ্জকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০১৩ ঘ.
bdnews24