২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ গেমসের টিকিটও বিক্রি হচ্ছে না

বেশ কিছুদিন ধরেই দিল্লি কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা এবং আবাসন দুর্ভোগ নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় ছিল। সেটি এখন আর নেই। তবে সমস্যা এখন অন্য জায়গায়। তারকা অ্যাথলিটদের নাম প্রত্যাহারে গেমস নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছুদিন ধরেই দিল্লি কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা এবং আবাসন দুর্ভোগ নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় ছিল। সেটি এখন আর নেই। তবে সমস্যা এখন অন্য জায়গায়। তারকা অ্যাথলিটদের নাম প্রত্যাহারে গেমস নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ কমে গেছে। গেমস শুরু হতে যখন তিন দিন বাকী তখনো বিভিন্ন ভেন্যুর হাজার হাজার টিকিট অবিক্রিত রয়ে গেছে। আয়োজকদের তরফ থেকে এ তথ্য জানানো হয়। ৩ অক্টোবর শুরু হবে গেমস। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। তাতে এমনকি উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানসহ গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট পুরুষ ও মহিলাদের একশ মিটারের দিনের টিকিট এখনো বিক্রি হয়নি। গেমসের প্রায় দুই মিলিয়ন টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়েছে। যার মূল্য ভারতীয় মুদ্রায় ২০০ রুপি থেকে ১০০০ রুপি পর্যন্ত। ৭ অক্টোবর পুরুষদের শতমিটারের ফাইনাল। কিন্তু তাতে নেই বিশ্ব এবং অলিম্পিক রেকর্ডধারী জ্যামাইকার উসাইন বোল্ট। তার সতীর্থ আসাফা পাওয়েলও অংশ নিচ্ছেন না গেমসে। ফলে গেমসের একটি বড় আকর্ষণ পানসে হয়ে গেছে। বৃহস্পতিবার দিল্লির একটি ব্যাংকে টিকিটের জন্য মাত্র জনা ১৫ জন লোক দাঁড়িয়েছিল। গেমসের জনৈক কর্মকর্তা অবশ্য বলেছেন গত ১০ দিনে টিকিট বিক্রি একটু বেড়েছে। কিন্তু সেটি যে আশাপ্রদ নয় সেটি অস্বীকার করেননি তিনি। হকিতে ভারত সোনা জেতার জন্যই লড়বে বলে কোচ জানিয়েছেন। কিন্তু সেখানেও কারো তেমন আগ্রহ নেই। গেমস উপলক্ষ্যে দিল্লির স্কুলগুলোতে বিশেষ ছুটি দেয়া হয়েছে। টিকিটের দামও অনেক কম। ভেন্যুতে যাওয়ার জন্য মেট্রোতে কোনো ভাড়া লাগবে না দর্শকদের। তারপরও গেমস নিয়ে দিল্লিবাসীর আগ্রহ নেই। অ্যাথলেটিকস থেকে নাম প্রত্যাহার করেছেন মহিলাদের ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী পলা রেডক্লিফও। আর শেষ মুহূর্তে নাম সরিয়ে নিয়েছেন মহিলাদের ৮০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনিয়া। এদিকে দিল্লিতে পৌঁছে গেছে গেমসের মশাল। সেটি মূল ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জ্বালানোর তোড়জোর চলছে। কিছু দেশ অব্যবস্থাপনার কারণে শুরুতে গেমসে না আসার হুমকি দিলেও এখন সবদেশই অংশ নিচ্ছে। পদক তালিকায় শীর্ষস্থান দখলে এবারও 'ফেবারিট' অস্ট্রেলিয়া। প্রতিযোগিতায় তারা এযাবতকালের সবচেয়ে বড় দলটি পাঠিয়েছে। স্বাগতিক ভারতও এবার নিজেদের প্রমাণে উঠেপড়ে লেগেছে। আর রয়েছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৭৩৬ ঘ.