২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা!

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হতে চান ডিয়েগো ম্যারাডোনা। এজন্য এখন তার ব্যাপক সমালোচিত সহকারীদের বাদ দিতেও রাজি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হতে চান ডিয়েগো ম্যারাডোনা। এজন্য এখন তার ব্যাপক সমালোচিত সহকারীদের বাদ দিতেও রাজি তিনি। ম্যারাডোনার বাড়ি থেকে শুক্রবার ফক্স স্পোর্টসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি তার এই ইচ্ছার কথা জানান। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর ম্যারাডোনার কোচের পদ নবায়ন করা হয়নি। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছিল, ম্যারাডোনা চাইলে কোচ হিসেবে থেকে যেতে পারেন। তবে তার সহকারীদের বাদ দিতে হবে। কিন্তু সহকারীদের বাদ দেয়ার শর্ত নাকচ করে দেন অনেকের মতে আর্জেন্টিনার এই ফুটবল ঈশ্বর। এর জের ধরে এএফএ তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। সেই সঙ্গে অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় সার্জিও বাতিস্তাকে। আগামী কয়েক মাসের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেয়া হবে বলে আশা করা হচ্ছে। ম্যারাডোনা বলেন, "জাতীয় দলের কোচ হয়ে আমি নিজেকে দেশের জন্য উৎসর্গ করবো। আমি আমার দলের সঙ্গেই মরতে চাই। চাই প্রতিশোধ নিতেও।" এএফএ'র প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা এক মাস আগে বলেছিলেন, বাতিস্তার জন্য বড় সমস্যা তিনি দলের স্থায়ী কোচ নন। বাস্তিতার নেতৃত্বে দু'টি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা এবং দু'টিতেই জেতে। আয়ারল্যান্ডকে হারায় ১-০ গোলে। আর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে স্রেফ উড়িয়ে দেয় ৪-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩২ ঘ.