ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি কমনওয়েলথ গেমসের ক্রীড়া পল্লীকে বসবাসের উপযোগী করে তুলতে এখনো অনেক কাজ বাকি রয়েছে, তারপরও ৭১টি দেশের সবগুলোই গেমসে অংশ নেবে।
গেমসের প্রেসিডেন্ট মাইকেল ফেনেল একথা বললেও ক্রীড়া পল্লীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা এখনো কাটেনি। নিরাপত্তার কারণে গেমস থেকে সর্বশেষ নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ডাইভার পিটার ওয়াটারফিল্ড। তিনি কমনওয়েলথ গেমসে ২০০২ সালে সোনা ও ২০০৬ সালে রুপা জেতেন।
প্রাথমিকভাবে ইংল্যান্ড দলের কিছু সদস্য দিল্লি পৌঁছেছে বটে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে দলের অন্য সদস্যদের পাঠানোর আগে তারা সাফ জানিয়ে দিয়েছে, দ্রুত আরো অনেক কাজ করা দরকার।
ইংল্যান্ড তাদের পুরুষ হকি ও লন বোলস দলের সদস্যদের শুক্রবার পাঠালেও তারা এখন থাকছেন হোটেলে। সোমবার তাদের ক্রীড়া পল্লীতে যাওয়ার কথা।
উদ্বেগ ও উৎকণ্ঠার পরও স্কটল্যান্ড পরিকল্পনা অনুযায়ী দল পাঠাচ্ছে। নিউজিল্যান্ডও গেমসে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। তবে সেই সঙ্গে একথাও জানিয়েছে, খেলোয়াড়দের থাকা ও নিরাপত্তার দেখভাল তারা প্রতিদিনই করবে।
নিউজিল্যান্ড দলের দিল্লি পৌঁছানোর কথা ২৮ সেপ্টেম্বর।
ফেনেল বলেন, "সব দেশ গেমসে অংশ নিচ্ছে বলে আমি খুশি।" তবে তিনি বলেন, এখনো অনেক কাজ করতে হবে। ক্রীড়া পল্লীকে বাসযোগ্য করে তুলতে হবে।
এদিকে ওয়াটারফিল্ড তার নাম প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনি নিজেকে 'ঝুঁকি'র মুখে ফেলতে চান না। এর আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন নিউজিল্যান্ডের সাইক্লিস্ট গ্রেগ হেন্ডারসন, ওয়েলসের গেরায়ান্ট টমাস, আইল অব ম্যান'র পিটার কেনাফ এবং ইংল্যান্ডের ইয়ান স্ট্যানার্ড, রাসেল ডাউনিং ও বেন সুইফ্ট।
অবশ্য গেমসের আয়োজক কমিটির মহাসচিব ললিত ভানোত জোর দিয়ে বলছেন, ক্রীড়া পল্লীতে থাকার ব্যবস্থা মান সম্পন্ন হবে বলে তার আস্থা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/এনআই/১৭২২ ঘ.
bdnews24