ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ঢাকায় শুরু হচ্ছে এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্ব। প্রতিযোগিতার উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী জর্ডানের। একই দিন বিকাল সাড়ে তিনটায় ভারত খেলবে ইরানের সঙ্গে।
গ্র"প 'বি' এর বাছাই পর্বের এই লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান।
আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর বাছাই পর্বের এই লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি উঠে যাবে দ্বিতীয় পর্বে।
ভারত, ইরান ও জর্ডান মহিলা ফুটবল দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য যেখানে ভালো খেলা, সেখানে বাকি তিনটি দলই গ্র"প চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে যেতে চায়।
মাত্র দেড় মাসের প্রস্তুতি নিয়ে খেলছে বাংলাদেশ দল। কোনো প্রস্তুতি ম্যাচই খেলেনি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২১০১ ঘ.
bdnews24