২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট ভবনে ম্যারাডোনা

আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব চলে যাওয়ার পর থেকেই ডিয়াগো ম্যারাডোনা ছিলেন অন্তরালে। তবে এর মধ্যে তাকে নিয়ে বাজারে গরম কথাবার্তা কিংবা গুঞ্জনও কম ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব চলে যাওয়ার পর থেকেই ডিয়াগো ম্যারাডোনা ছিলেন অন্তরালে। তবে এর মধ্যে তাকে নিয়ে বাজারে গরম কথাবার্তা কিংবা গুঞ্জনও কম ছিল না। ম্যারাডোনার দেখা মিলল শুক্রবার। সেটি খোদ আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনারের বাসভবন প্রেসিডেন্ট প্যালেসে। ৪৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি বুয়েনস আয়ার্সের লস অলিভস প্রেসিডেন্ট প্যালেসে দেখা করেন কির্চনারের সঙ্গে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন কির্চনার। কির্চনারের স্ত্রী ক্রিস্টিনা কির্চনার আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট। যিনি নিজেও ম্যারাডোনার একজন বড় ভক্ত। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে জামার্নির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয়ার পর দেশে ফিরতেই চাকরি যায় ম্যারাডোনার। তখন তার চাকরিচ্যূতিতে প্রকাশ্যেই দুঃখপ্রকাশ করেছিলেন ক্রিস্টিনা। কির্চনারের মুখপাত্র হুয়ান ম্যানুয়েল আবাল মেনডিনা জানিয়েছেন, তারা দেশের ফুটবল এবং ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ফুটবলের পাশাপাশি অন্যান্য আরো কিছু বিষয় নিয়েও কথা হয়েছে। আসলে এটি ছিল দুই বন্ধুর মিলন। ম্যারাডোনা সাবেক প্রেসিডেন্টকে তার স্বাক্ষরিত একটি জাতীয় দলের জ্যাকেট উপহার দেন। সংবাদ মাধ্যমের সামনে ম্যারাডোনা শেষ হাজির হয়েছিলেন গত ২৮ জুলাই। সেদিন তিনি তার চাকরি যাওয়ার জন্য সরাসরি দায়ী করেছিলেন আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের প্রধান হুলিও গ্রন্ডোনা এবং টিম ম্যানেজার কার্লোস বিলার্ডোকে। গ্রন্ডোনাকে প্রতারক এবং বিলার্ডোকে মিথ্যেবাদী বলেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার মেয়াদ ছিল ১৮ মাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭৪৮ ঘ.