ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপা লিগের অভিযান জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার 'কে' গ্রুপে লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে স্টেয়া বুখারেস্টকে।
একই দিন ম্যানসিটি ২-০ গোলে হারায় রেড বুল সালজবুর্গকে।
ইউরোপের দ্বিতীয় সেরা এই ক্লাব ফুটবল টুর্নামেন্টে এদিন ১২ টি গ্রুপের ২৪ টি খেলায় গোল হয়েছে ৭৮টি। হ্যাটট্রিক করেছেন তিনজন।
তবে অঘটন মুক্ত থাকেনি প্রথম দিন। বর্তমান চ্যাম্পিয়ন আতলেটিকো মাদ্রিদকে 'বি' গ্রুপের খেলায় ১-০ গোলে হারিয়েছে গ্রিসের দল আরিস সালোনিকা। জুভেন্টাসকে ৩-৩ গোলে আটকে দিয়েছে পোল্যান্ডের লেচ পোজনান।
নিজেদের মাঠ এনফিল্ডে লিভারপুল সহজ জয়ই পায়। বুখারেস্টের বিপক্ষে খেলার মাত্র ২৫ সেকেন্ডে গোল করেন লিভারপুলের ইংল্যান্ড মিডফিল্ডার জো কোল। লিভারপুলের হয়ে প্রতিযোগিতায় এটাই দ্রুততম গোলের রেকর্ড।
তবে ১৩ মিনিটেই সে গোল শোধ করেন বুখারেস্টের তানাসে। তবে দ্বিতীয়ার্ধে এনগগের দুটি এবং লুকাসের গোল লিভারপুলের জয় নিশ্চিত করে।
একই গ্রুপে নেপোলি গোলশুন্য ড্র করে ডাচ দল আটরেখটের বিপক্ষে।
আতলেটিকোর বিশ^কাপ সেরা আক্রমনভাগের ফুটবলার উরুগুয়ের ডিয়েগো ফোরলানকে কড়া পাহারায় রেখেছিল আরিসের রক্ষণভাগ। সেটি ভাঙ্গতে পারেননি তিনি। খেলার প্রথমার্ধ ছিল গোলশুন্য।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে আরিসকে এগিয়ে নেন দলের জাভিতো। এটাই খেলার ফল ঠিক করে দেয়। ঘরের মাঠে আরিস গত ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল।
তুরিনে জুভেন্টাস একসময় চিলিনির দুটি এবং দেল পিয়েরোর গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু পোজনানের রুদেনেভসের হ্যাটট্রিকে ড্র মেনে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।
একই গ্রুপে স্পেনের তারকা ডেভিড সিলভা এবং জোর গোলে ম্যানসিটি ২-০ গোলে জেতে রেড বুলের বিপক্ষে।
এফসি পোর্তোও জয় দিয়ে শুরু করেছে। 'এল' গ্রুপে তারা ৩-০ গোলে হারিয়েছে র্যাপিড ভিয়েনাকে।
বৃহস্পতিবার অন্য খেলায় আলকামার ২-১ গোলে হারায় শেরিফকে, ডায়নামো কিয়েভ ২-২ গোলে ড্র করে বরিসভের সঙ্গে, সিএসকেএ মস্কো ৩-০ গোলে জিতেছে লুসানের বিপক্ষে, স্পার্টা প্রাহা ৩-২ গোলে হারায় পালেরমোকে এবং জেনিত সেন্ট পিটাসবার্গ ৩-১ গোলে জেতে আন্ডারলেখটের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৫০৯ঘ.
bdnews24