২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ আর অনুশীলন শিবিরগুলো ফাঁকা

জাতীয় ক্রীড়াঙ্গনেও এখন ঈদের আমেজ। ব্যস্ত থাকা মাঠ আর অনুশীলন শিবিরগুলো ফাঁকা হয়ে গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য সবাই চলে গেছেন নিজ ঠিকানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 08:42 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

আপন তারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রীড়াঙ্গনেও এখন ঈদের আমেজ। ব্যস্ত থাকা মাঠ আর অনুশীলন শিবিরগুলো ফাঁকা হয়ে গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য সবাই চলে গেছেন নিজ ঠিকানায়। জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। তার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত ছিলেন কোচ জেমি সিডন্স। কিন্তু ঈদুল ফিতর উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ছুটির এই ফাঁকে ক্রিকেটাররা যোগ দিয়েছেন পরিবারের সঙ্গে। আর কোচ সিডন্স পরিকল্পনা করেছেন মালয়েশিয়া যাওয়ার। কুয়ালালামপুরে ছুটির দিনগুলো কাটাবেন তিনি। ক্যাম্পে ফের যোগ দেবেন আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত জাতীয় দল। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি প্রতিবারের মতো ঈদ করবেন তার বাড়ি নড়াইলে। উৎসবের এই সময়টাতে মাশরাফির সময় কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। তিনি বলেন, "আমার মামার বাড়ি মহিশখালীতে। সেখানে অনেক পুরনো বন্ধু আছে। ছুটিতে তাদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটাবো।'' স্পিনার আব্দুর রাজ্জাক রওনা হয়েছেন বাগেরহাট। রাকিবুল হাসান যাচ্ছেন গ্রামের বাড়ি জামালপুরে। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে জুনায়েদ সিদ্দিকী আর মাহমুদুল্লাহ রিয়াদেরও। কিন্তু সমস্যা হলো টিকেট। তবে সেই ঝামেলা চুকিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার জহিরুল ইসলাম। ঈদের ছুটিতে পরিকল্পনার কথা জানালেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। তিনি বলেন, ''বাগেরহাট থেকে আমার বন্ধুরা এসেছে। তাদের নিয়ে বৃহস্পতিবারই বাড়ি রওনা হবো। মাওয়া ঘাট থেকে স্পিডবোটে পদ্মা পাড়ি দেওয়ার ইচ্ছে আছে আমাদের। আসলে ঈদের সময় আনন্দ একটু বেশি হলে সমস্যা নেই।'' সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের জন্য এবারের ঈদ একটু অন্যরকম। কেননা, ঢাকার বনশ্রীতে বাড়ি করেছেন তিনি। সেই নতুন বাড়িতে প্রথম ঈদ করবেন পরিবার নিয়ে আশরাফুল। জাতীয় ফুটবল দলের অনুশীলন শিবিরেও ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার। দলে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়া থেকে আসা কোচ রবার্ট রুপচিচ। বুধবারই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন তিনি। এশিয়ান গেমসের জন্য চলতে থাকা এই প্রশিক্ষণ শিবিরে ঈদের জন্য চারদিনের ছুটি দেওয়া হয়েছে ফুটবলারদের। ১৩ সেপ্টেম্বর বিকেল থেকে আবার শুরু হবে অনুশীলন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক ঈদ করছেন ঢাকার পল্লবীতে নিজের বাড়িতে। উৎসবের এই প্রসঙ্গ উঠতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ''আসলে ছোট বেলার মতো এখন আর ঈদে আনন্দ পাই না। তখন ঈদের আনন্দই ছিল অন্যরকম। এবার কেনাকাটার ঝামেলায় আমাকে যেতে হয়নি। ক্যাম্পে ছিলাম। এই ধকল থেকে বেঁচে গেছি।" জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি ঈদ করবেন পিরোজপুরের উদয়কাঠি গ্রামে। বৃহস্পতিবার দুপুরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। জানালেন পরিবারের মানুষদের জন্য কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন। প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি শেষে যখন সবাই ফিরবেন কর্মস্থলে, তখন ক্রিকেটার আর ফুটবলাররাও ফিরবেন তাদের 'কর্মস্থল'-মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৩২৪ ঘ.