ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও বাস্তিতা চলতি বছর পর্যন্ত আর্জেন্টিনার অস্থায়ী কোচের দায়িত্বে থেকে যাচ্ছেন। মঙ্গলবারের প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৪-১ গোলে হারানোর পুরস্কার হিসেবে রেখে দেয়া হচ্ছে তাকে।
দিয়েগো ম্যাডোনার সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ঝামেলা হওয়ায় কোচের দায়িত্ব পান বাস্তিতা। গত মাসে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয়ের খাতা খুলেন বাস্তিতা। জাপান ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতেও আর্জেন্টিনার কোচ থাকচ্ছেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উচ্চ পদস্থ কর্মকর্তা লুইস সেগুরা মঙ্গলবারের বিজয়ের পর বাস্তিতার থেকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেন। তিনি বলেন নতুন কোচের ব্যাপারে এই বছর শেষে চিন্তা-ভাবনা করা হবে।
আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে বাস্তিতা ছাড়াও এগিয়ে আছেন আলেজান্দ্রো সাবেলা, মিগুয়েল অ্যানজেল রুশো ও কার্লোস বিয়ানচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪২৬ ঘ.
bdnews24