ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক জীবনে যখন ঝড় বয়ে যাচ্ছে, ঠিক তখনই ফুটবল মাঠে হাসি ফুটলো ওয়েন রুনির মুখে। প্রায় এক বছর পর আন্তর্জাতিক খেলায় গোল করলেন তিনি। সেই সঙ্গে ২০১২ সালের ইউরো বাছাই পর্বে তার দল ইংল্যান্ড ৩-১ গোলে জেতে সুইজারল্যান্ডের বিপক্ষে।
এই জয়ের ফলে বাছাই পর্বে নিজেদের দু'টি খেলাতেই জিতল ইংল্যান্ড।
টানা ব্যর্থতার গ্লানি ঘুঁচিয়ে অবশেষে জয়ের মুখ দেখলো ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে তারা ২-০ গোলে হারায় বসনিয়া-হার্জেগোভিনাকে। গত ১১টি আন্তর্জাতিক খেলায় ফ্রান্সের এটি দ্বিতীয় জয়।
বড় জয় পেয়েছে জার্মানি, মঙ্গলবার রাতে। তারা ৬-১ গোলে জিতেছে আজারবাইজানের বিপক্ষে। গোল উৎসব করেছে ইতালিও। ৫-০ গোলে হারায় তারা ফারো দ্বীপপুঞ্জকে।
হল্যান্ড ২-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। তবে নরওয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। প্রথম ম্যাচে তারা ৪-৪ গোলে ড্র করেছিল সাইপ্রাসের সঙ্গে।
যৌন কেলেঙ্কারীতে ফেঁসে যাওয়া রুনির গোলেই এগিয়ে যায় ইংল্যান্ড, খেলার ১০ মিনিটে। সুইজারল্যান্ডের মাঠে ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান অ্যাডাম জনসন। খেলা শেষ হওয়ার দু'মিনিট আগে তৃতীয় গোল করেন ড্যারেন বেন্ট। তবে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের আক্রমণভাগের দুই খেলোয়াড় থিও ওয়ালকট এবং জার্মেইন ডিফোকে।
বসনিয়ার বিপক্ষে সারায়েভোতে প্রথমার্ধে গোল দিতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে খেলার ৭২ মিনিটে প্রথম গোল করেন স্ট্রাইকার করিম বেনজেমা। ছয় মিনিট পর দ্বিতীয় গোল করেন অধিনায়ক ফ্লোরেন্ত মালুদা।
আজারবাইজানের বিপক্ষে দু'টি গোল করেন মিরোস্লাভ ক্লোসা। এর ফলে জার্মানির হয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৫৫ তে। তিনি এখন জার্মানির দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। ৬৭ গোল করে জার্মানির পক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন গার্ড মুলার।
অন্যান্য খেলায় তুরস্ক ৩-২ গোলে বেলজিয়ামকে, আয়ারল্যান্ড ৩-১ গোলে অ্যান্ডোরাকে, ডেনমার্ক ১-০ গোলে আইসল্যান্ডকে এবং সুইডেন ৬-০ গোলে হারায় সান মারিনোকে। স্লোভাকিয়া ১-০ গোলে জেতে রাশিয়ার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৪৩ ঘ.
bdnews24