ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমেরা লিগার লড়াই। তবে প্রথম দিন মাঠে নামছে না দুই ফেভারিট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।
রোববার রিয়াল তাদের প্রথম খেলায় মুখোমুখি হবে রিয়াল মায়োরকার। একই দিন বার্সেলোনার প্রতিপক্ষ রেসিং সানতান্দের।
টানা তৃতীয়বারের মতো লা লিগার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পেপ গার্দিওয়ালার দল। বার্সার প্রথম একাদশে স্পেন বিশ^কাপ জয়ী দলের আট খেলোয়াড়।
ভ্যালেন্সিয়া থেকে ৪০ মিলিয়ন ইউরোতে যোগ দেয়া ডেভিড ভিয়া, কার্লোস পুওল, জেরার্ড পিকে, জাভি হার্নান্ডেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্গেই বাসকুয়েটস, পেড্রো রডরিগুয়েজ এবং গোলরক্ষক ভিক্টর ভালদেস। এদের সঙ্গে যোগ লিওনেল মেসি এবং ইব্রাহিমোভিচ।
এই দল নিয়ে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন কোচ গার্দিওয়ালা। তবে এবার শুধু লা লিগার শিরোপা ধরে রেখে মন ভরবে না তার। তিনি চান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।
১৯৯১ থেকে ১৯৯৪ টানা চারবার লা লিগার শিরোপা জিতেছিল জোহান ক্রুয়েফের বার্সেলোনা। সেই দলে খেলোয়াড় হিসেবে ছিলেন গার্দিওয়ালা। এবার কোচ হিসেবে সেই অভিযানের দিকে ছুটছেন তিনি।
২০০৮ সালে বার্সার দায়িত্ব নিয়েছিলেন ৩৯ বছর বয়সী গার্দিওয়ালা। জিতেছেন সাতটি ট্রফি।
এবার বার্সা-রিয়ালের বাইরে জমে উঠবে গার্দিওলার সঙ্গে হোসে মরিনহোর লড়াই। চেলসি এবং ইন্টার মিলানকে শিরোপা জিতিয়ে এ মৌসুমে রিয়ালে যোগ দিয়েছেন এই পর্তুগীজ কোচ। তার অধিনে গত মৌসুমে ইন্টার সিরি 'এ', সুপারকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে। তারপরই ট্রফির খরায় ভোগা রিয়াল ৪৭ বছর বয়সী এই কোচকে এ মৌসুমে দলে টানে।
লা লিগায় একঝাঁক তারকা নিয়েই নামছেন মরিনহো। গোলে আছেন ইকার ক্যাসিয়াস, রক্ষণভাগে সার্জিও র্যামোস, মাঝমাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো, কাকা, আক্রমণে গঞ্জালো হিগুইন। তাদের সঙ্গে এ মৌসুমে যোগ দিয়েছেন সামি খেদিরা, রিকার্ডো কারভালহো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও মেসুত ওজিল।
প্রস্তুত বার্সেলোনা এবং রিয়াল। এখন শুধু মাঠের লড়াই শুরু হওয়ার প্রতীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৭৩২ ঘ.
bdnews24