ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের সাড়া জাগানো দুই তরুণ খেলোয়াড় নেইমার ডি সিলভা এবং রামিরেস ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিচ্ছেন।
লন্ডনের ডেইলি টেলিগ্রাফ জানায়, মাঝ-মাঠের খেলোয়াড় রামিরেস এখন খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। ২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগ দিচ্ছেন স্ট্যামফোর্ড ব্রিজে। আর নেইমারের জন্য ব্রাজিলের ক্লাব স্যান্টোসকে দিতে হবে প্রায় ৩৬ মিলিয়ন ইউরো।
এই দুই খেলোয়াড়ই গত মঙ্গলবার ব্রাজিলের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। খেলায় ব্রাজিল জেতে ২-০ গোলে। এর মধ্যে অভিষেক ম্যাচেই একটি গোল করেন ১৮ বছর বয়সী নেইমার। আর ২৩ বছর বয়সী রামিরেস ১৬ টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে।
রামিরেস দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্রাজিলের সাবেক কোচ কার্লোস ডুঙ্গার দলে থাকলেও নেইমার ছিলেন না। কম বয়স এবং অনভিজ্ঞতার কথা বলে নেইমারকে বিশ্বকাপ দলে নেয়া হয়নি। এ নিয়ে খোদ ব্রাজিলেই সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।
রামিরেস যে চেলসিতে যাচ্ছেন তা বেনফিকা স্বীকার করলেও নেইমারের দলবদলের বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি স্যান্টোস। নেইমারের দলবদলের ব্যাপারে বয়সের একটা বিধি-নিষেধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১৩ ঘ.
bdnews24