ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ছাড়ছেন না ফার্নান্দো তোরেস। জানিয়ে দিলেন আসছে মৌসুমে এনফিল্ডের এই ক্লাবেই খেলবেন। ২৬ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার বলেন ''লিভারপুলেই সতীর্থদের নিয়ে খুব ভালো আছি আমি। এখানে সময় বেশ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসাও আমাকে পিছু টেনে রেখেছে। এ কারণেই লিভারপুল ছাড়ছি না আমি।''
যদিও সাফল্যের মধ্যে নেই ক্লাবটি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম হয়েছিল লিভারপুল। এ কারণেই চাকরি যায় কোচ রাফায়েল বেনিটেজের। এখন কোচ হয়েছেন রয় হজসন।
নতুন কোচ ক্লাবে পা রাখার পরই বলা হচ্ছিল অ্যানফিল্ড থেকে চলে যাচ্ছেন তোরেস এবং স্টিফেন জেরার্ড। তবে সেটি এখন গুজব বলেই প্রমাণিত হয়েছে। দুজনের কেউই লিভারপুল ছাড়ছেন না।
চোটের ধাক্কা কাটিয়ে ওঠা তোরেস বলেছেন ''লিভারপুল ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব। কাজেই দলটির ওপর প্রত্যাশার চাপও থাকে বেশি। দুর্ভাগ্যজনকভাবে গত মৌসুমটা আমাদের ভালো যায়নি। তাইতো আমার লক্ষ্য এখন একটাই, ট্রফি জেতা। আশা করছি এবার সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবো।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/ ১৮০৫ ঘ.
bdnews24