ঢাকা, আগষ্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা কাকার ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। রিয়ালের নতুন কোচ হোসে মরিনহো এই মৌসুমে দলকে নতুন করে সাজানো শুরু করেছেন। লক্ষ্য একটাই শিরোপা খরা কাটানো। এ কারণেই পছন্দের ফুটবলারদের দলে টেনে আর অপ্রয়োজনীয়দের ছাটাই করার কথা ভাবছেন মরিনহো। সেই ছকেই রিয়াল থেকে কাকাকে বিয়োগ করতে চাইছেন তিনি।
তরুণদের নিয়ে দল গড়তে চাইছেন এই পর্তুগিজ কোচ। কাকাকে জানিয়েও দিয়েছেন তার পরিকল্পনায় কাকাকে জায়গা দেয়া কঠিন। কাজেই নতুন ঠিকানা খোঁজাই কাকার জন্য ভালো।
কোথায় যাবেন ব্রাজিলের এই তারকা ফুটবলার? এক সময়ে ফিফার বর্ষসেরা ফুটবলারটির প্রতি তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না নামীদামী ক্লাবগুলো।
শোনা গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি তার প্রতি আগ্রহী। কারণ চেলসির কোচ কার্লো আনচেলত্তি একসময় এসি মিলানে কাকার গুরু ছিলেন। কিন্তু আনচেলত্তি জানিয়ে দিয়েছেন কাকাকে কিনছে না তারা।
কাকার বয়স মাত্র ২৮। ফুটবলকে আরো অনেক কিছু দেয়ার আছে তার। তবে শত্র" হয়ে সামনে দাঁড়িয়েছে চোট। গত মৌসুমে এসি মিলান থেকে যোগ দিয়েছিলেন রিয়ালে। কিন্তু চোটের জন্য বেশিরভাগ সময় কাটিয়েছেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা বিশ^কাপেও কাকা নিজের সেরাটা খেলতে পারেননি।
আপাতত রিয়ালের সঙ্গেই লস অ্যাঞ্জেলেসে যোগ দিয়েছেন কাকা। সেখানে প্রাক মৌসুম প্রস্তুতি ক্যাম্প করেছে রিয়াল মাদ্রিদ।
এখন প্রশ্ন হচ্ছে নিয়মিত খেলার সুযোগ পাবেন কি কাকা? আপাতত উত্তর হচ্ছে ''না''। এরইমধ্যে মাঝমাঠে রিয়াল নিয়ে এসেছে জার্মানির বিশ^কাপ তারকা সামি খেদিরাকে। সবমিলিয়ে তাই কাকার ভবিষ্যত অনিশ্চিতই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/ ১৭৩২ ঘ.
bdnews24