২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাজিও'র দ্বারস্থ হলো ইতালি

মাঠে ফিরছেন ইতালির সাবেক তারকা ফুটবলার রবার্তো ব্যাজিও। তবে খেলতে নয়, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মকর্তা হিসেবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পথে ফেরাতে দীর্ঘ ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে প্রচারের আলোতে ফিরছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে ফিরছেন ইতালির সাবেক তারকা ফুটবলার রবার্তো ব্যাজিও। তবে খেলতে নয়, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মকর্তা হিসেবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পথে ফেরাতে দীর্ঘ ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে প্রচারের আলোতে ফিরছেন তিনি। মঙ্গলবারই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে গেছে তার। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নেয়। মার্সেলো লিপ্পির দলের এই ব্যর্থতায় সমালোচনাও কম হয়নি। কোচের পদ থেকে সরে গেছেন তিনি। নতুন কোচ হয়েছেন সিজার প্রানদেল্লি। সে দেশের ফুটবল ফেডারেশন নতুন করে দল গোছানোর উদ্যোগ নিয়েছে। ৪৩ বছর বয়সী ব্যাজিও বলেন, ''দলের উন্নতিতে আমি এখন ভূমিকা রাখতে চাই। আর তা সার্বক্ষণিকভাবে। তাই যোগ দিয়েছি ফেডারেশনে। আমি দলের টেকনিক্যাল পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারি। দু'এক দিনের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে।'' উল্লেখ্য ইতিমধ্যেই একটি প্রথম শ্রেনীর কোচিং কোর্স সম্পন্ন করেছেন ব্যাজিও। শুধু ব্যাজিওই নন, ইতালির ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে সে দেশের ফুটবল ফেডারেশন আরো দু'জনকে ডেকেছে। এরা হলেন ৬৪ বছর বয়সী সাবেক কোচ আরিগো সাচ্চি এবং সাবেক তারকা ফুটবলার, ইতালির হয়ে প্রথমবারের মতো ব্যালন ডি অর জেতা জিয়ান্নি রিভেরা। দুজনেই যুব দলের সঙ্গে যুক্ত থাকবেন। ২০০৪ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ব্যাজিও। তারপর থেকে প্রচার মাধ্যমের অন্তরালেই ছিলেন, বৌদ্ধ ধর্মের অনুসারী এই ফুটবলার। ক্লাব ফুটবল খেলেছেন ফিওরেন্তিনা, জুভেন্টাস এবং এসি মিলানের হয়ে। ইতালির হয়ে বিশ্বকাপ খেলেছেন তিনবার। কিন্তু কাপ জেতেননি। ১৯৯৩ সালে হন ফিফার বর্ষসেরা ফুটবলার। কিন্তু ১৯৯৪ সালে বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে তিনি পেনাল্টি মিস করেন ব্রাজিলের বিপক্ষে। সেই সুবাদেই চ্যাম্পিয়ন হয় কার্লোস ডুঙ্গার দল। ব্যাজিওর মতে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যাচের চেয়ে ম্যাচের ফল নিয়ে বেশি ভাবতে গিয়েই ভরাডুবি হয় ইতালির। সুন্দর ফুটবল কিংবা খেলাটা উপভোগের বিষয়টা ভুলে গিয়েছিল তারা। তার ভাষায় স্পেন সুন্দর ফুটবল খেলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আগামী সোমবার আইভরি কোস্টের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। কোচ প্রানদেল্লি দিন কয়েকের মধ্যেই দল ঘোষণা করবেন। তার প্রধান মিশন ইউরো ২০১২ সালের বাছাই পর্বে উত্তীর্ণ হওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫৫ ঘ.