ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপদকালীন সময়ের জন্য আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হয়েছেন অনুর্ধ-২০ দলের দায়িত্বে থাকা সার্জিও বাতিস্তা। দায়িত্ব পেয়েই তিনি আগামী মাসে ডাবলিনে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।
যে দলে মেসি, তেভেজ, হিগুইয়েন, মাসচেরানো, মিলিতো, বোলাত্তি, স্যামুয়েল, হেইঞ্জ,, গুত্তিরেজ, ডেমিচেলিসসহ বিশ্বকাপে খেলা প্রায় সবাই রয়েছেন।
এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নতুন করে আর চুক্তি হয়নি। কারণ ফেডারেশনের সঙ্গে তার আলোচনা ভেঙে গেছে।
নতুন করে দায়িত্ব নেয়ার আগে কঠিন শর্ত দেন ম্যারাডোনা। জানিয়ে দেন, কোচ হিসেবে থাকবেন, কিন্তু দলের কোনো কোচিং স্টাফকে সরিয়ে দেয়া যাবে না। সেই শর্তে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একমত হয়নি। এরপরই ফেডারেশনের বিশেষ নির্বাহী কমিটি নতুন কোচ নিয়োগে একমত হয়।
এদিকে বহুল প্রচারিত আর্জেন্টাইন দৈনিক 'ক্লারিন'- এর শিরোনাম 'হুলিও গ্রান্ডোনা বেরিয়ে যাওয়ার দরজাটা দেখিয়ে দিলেন ম্যারাডোনাকে।' 'লা ন্যাসিওন' - এর শিরোনাম 'ম্যারাডোনা অধ্যায়ের সমাপ্তি।'
সবগুলো শিরোনামের অর্থ একটাই, ডিয়েগো ম্যারাডোনা আর আর্জেন্টিনার কোচ নেই।
তবে ম্যারাডোনা নিজে সরে দাঁড়িয়েছেন নাকি তাকে এএফএ এর প্রধান হুলিও গ্রান্ডোনা তাকে সরিয়ে দিয়েছেন সেটি এখনো পরিষ্কার নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৭০৫ ঘ.
bdnews24