২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সঙ্গে ড্র করলেই মোহামেডান চ্যাম্পিয়ন

গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ঢাকা মোহামেডান। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ঢাকা মোহামেডান। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা । ১২ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৬। লিগের একমাত্র অপরাজিত দল তারা। অন্যদিকে অপর শিরোপা প্রত্যাশী আবাহনীর অর্জন ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট। গত তিনবারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র ক্লাবকাপ হকির জটিলতা নিরসন না হওয়ার প্রতিবাদে লিগে অংশ নেয়নি। শুধু মোহামেডান নয়, এবার শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে আবাহনীরও। তারা জিতলে দু'দলেরই হয়ে যাবে সমান ৩৬ পয়েন্ট। তখন লিগ বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচ হবে। সেই প্লে অফে জিততে পারলে এগিয়ে থাকা মোহামেডানকে টপকে লিগ শিরোপা পাবে আবাহনীই। এ ম্যাচকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন করেছে দু'দলই। আবাহনী-মোহামেডান দুই ক্লাবেই রয়েছেন একাধিক পাকিস্তানি খেলোয়াড়। মোহামেডান জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। দলীয় শক্তির বিচারে আবাহনীর চেয়ে মোহামেডানই এগিয়ে। এরইমধ্যে তারা মালয়েশিয়ার সেন্টার ফরোয়ার্ড চুরাবুনকে ঢাকায় এনেছেন। এমনিতে আবাহনী বিকেএসপির ছাত্রদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে। দলে রয়েছেন পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট সোহেল আব্বাস। সঙ্গে রয়েছেন চয়ন-আতিকদের মতো প্রতিভাবান খেলোয়াড়। বিকাল ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/২০০০ ঘ.