পোর্ট-অ-প্রিন্স, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে হাইতির ভূমিকম্প দুর্গতদের সাহায্যে এগিয়ে যান আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার লিওনেল মেসি।
রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেয়ারফোর শহরের দুর্গত মানুষ-জনকে সাহায্য করেন বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় মেসি। কেয়ারফোর আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে প্রায় ৫০,০০০ লোক।
পরে মেসি বলেন, এমন করুণ দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি।
শিশুদের দুঃখ-দুর্দশার বর্ণনা করতে গিয়ে মেসি বলেন, "শিশুরা এমন ঝুঁকির মধ্যে আছে, যা খুব কম জায়গাতেই দেখা যায়।"
হাইতির শিশুদের সময় কাটানোর জন্য খেলাধুলার ব্যবস্থা করবে ইউনিসেফ।
বুধবার পানামাতে একটি প্রীতি ম্যাচ খেলার পর হাইতি পৌঁছান মেসি।
এ বছর জানুয়ারিতে ভূমিকম্পে ২ লাখ ২০ হাজারেরও বেশি লোক মারা যায়। ঘর-বাড়ি হারিয়েছে এক লাখেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৩ ঘ.
bdnews24