ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে বাজেটে বরাদ্দ চেয়েছেন ক্রীড়া সংগঠক ও ফুটবলাররা। শনিবার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দৈনিক মানবজমিন আয়োজিত 'বিশ্বকাপ ফুটবল: আমাদের প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।
আলোচনার বিষয়বস্তু বিশ্বকাপ ফুটবলকে ঘিরে হলেও বক্তাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশ ফুটবলের অতীত ও বর্তমান প্রসঙ্গ।
জাতীয় দলের ফুটবলার ও আবাহনীর অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য দেশের ফুটবল নিয়ে খুবই আশাবাদী। বলেন, ''আগামী ৩০ বছরে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। এজন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও যথাযথ পরিকল্পনা।''
তবে বিপ্লবের মতো এতটা স্বপ্ন দেখতে নারাজ স্বাধীন বাংলা ফুটবল ও বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। দেশের ফুটবলের বর্তমান অবস্থা দেখে তার মন্তব্য,'' ১০০০ বছরেও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না।''
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান জয় এই প্রসঙ্গ এড়িয়ে মেসি-ম্যারাদোনা বন্দনায় মেতে উঠেন। ঘরোয়া ফুটবল ও ফুটবলারদের নানা দুরবস্থা তুলে ধরেন। তিনি বাজেটে ফুটবলের জন্য আলাদা বরাদ্দ রাখার আহ্বান জানান।
বৈঠকে আরো বক্তব্য রাখেন ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদী, সাবেক অধিনায়ক জুয়েল রানা , এটিএন নিউজের স্পোর্টস এডিটর দিলু খন্দকার, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ গোলাম সারোয়ার টিপুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ।
বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরি। এছাড়া সঞ্চালকের ভূমিকা পালন করেন শহীদুল আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৪৬ ঘ.
bdnews24