২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের জয়

স্পেনের লা লিগায় বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে মালোর্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 07:41 AM

Updated : 24 Aug 2022, 09:13 PM

মাদ্রিদ, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে মালোর্কাকে। অন্যান্য খেলায় সেভিয়া ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রেসিং সান্তান্দারকে। অ্যাথলেটিক বিলবাও ১-১ এ ড্র করেছে মালাগার সঙ্গে। ৩-১ ব্যবধানে ওসাসুনা হারায় দেপোর্টিভো লা করুনাকে ও অ্যাথলেটিকো মাদ্রিদ একই ব্যবধানে ভ্যালাদোলিদকে। রিয়াল জারাগোজা ১-০ গোলে জিতেছে এসপানিওল'র বিপক্ষে। নিজেদের মাঠে মালোর্কার স্ট্রাইকার আদুরিজ খেলার ১৬ মিনিটে ভিক্টরের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন। আর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ২৬ মিনিটে দলকে সমতায় ফেরান। বিরতির পর আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠে খেলা। রোনালদো ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল দিয়ে ২-১ ব্যবধান গড়েন। তিনি হ্যাটট্রিক গোল করেন ৭২ মিনিটে। গুতির দেওয়া বল ৮২ মিনিটে মালোর্কার জালে জড়িয়ে দেন গঞ্জালো হিগুয়েইন। ৩৬ খেলায় ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান খেলায় ৯২ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩১৫ ঘ.