২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের শিরোপার লড়াই শেষ, শীর্ষে রোমা

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এগিয়ে থেকেও উইগ্যান অ্যাথলেটিকের কাছে ৩-২ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে আর্সেনাল। দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলা ২-১ এ জিতেছে পোর্টসমাউথের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 11:46 AM

Updated : 24 Aug 2022, 08:37 PM

লন্ডন, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এগিয়ে থেকেও উইগ্যান অ্যাথলেটিকের কাছে ৩-২ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে আর্সেনাল। দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলা ২-১ এ জিতেছে পোর্টসমাউথের বিপক্ষে। সেরি 'আ' তে মিরকো ভুচিনিচের জোড়া গোলের সুবাদে এএস রোমা ২-১ এ নগর প্রতিদ্বন্দ্বী লাজিওকে হারিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে। দিনের অন্যান্য ম্যাচে সাম্পদোরিয়া ২-১ এ এসি মিলানকে, একই ব্যবধানে আটালান্টা ফিওরেন্টিনাকে ও নাপোলি হারায় বারিকে। এছাড়া কাগলিয়ারি ও পালের্মো এবং কাতানিয়া ও সিয়েনার খেলা ড্র হয়েছে ২-২ গোলে। স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভালেন্সিয়াকে। তেনেরিফে ৩-২ গোলে হারায় গেটাফেকে। এছাড়া মালাগা ও রিয়াল ভ্যালাদোলিদ, দেপোর্দিভো লা করুনা ও আলমেরিয়া এবং অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল জারাগোজার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উইগ্যান অ্যালেটিকের মাঠ ডি ডব্লিউ স্টেডিয়ামে খেলার ৪১ মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন থিও ওয়ালকট। বিরতির পর সামির নাসরির বানিয়ে দেয়া বলে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাঝ-মাঠের খেলোয়াড় মিকায়ে সিলভেস্তর, ৪৮ মিনিটে। কিন্তু শেষ মুহূর্তের দশ মিনিটে আর্সেনালের সাজানো বাগান তছনছ করে দেয় স্বাগতিকরা। ৮০ মিনিটে একটি গোল শোধ করে উইগ্যান। খেলা শেষ হওয়ার একটি মিনিট আগে গানার্স গোলরক্ষকের ভুলে খেলায় সমতা ফেরায় ল্যাটিকসরা। আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠোকেন কার্লোস এনজগবিয়া, ৯০ মিনিটে। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনালকে। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭১। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে সেরি 'আ' তে পিছিয়ে পড়েও রোমা জিতেছে লাজিওর বিপক্ষে। খেলার ১৪ মিনিটে সফরকারী লাজিওকে এগিয়ে নেন তমাসো রচ্চি। বিরতির পর পেনাল্টি পায় রোমা। গোল করে খেলায় সমতা ফেরান ভুচিনিচ, ৫৩ মিনিটে। দশ মিনিট পরই আক্রমণভাগের খেলোয়াড় ভুচিনিচ করেন নিজের দ্বিতীয় গোল। আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রোমা। ৩৪ খেলায় ৭১ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে আছে এএস রোমা। সমান ম্যাচে হোসে মরিনহোর দল ইন্টার মিলানের সংগ্রহ ৭০। এছাড়া স্পেনের লা লিগায় গঞ্জালো হিগুয়েন ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে খেলার ২৫ ও ৭৮ মিনিটে গোল দু'টি করেন তারা। তবে পেপ গার্দিওলার দল বার্সেলোনা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে, ৩৩ খেলায় পয়েন্ট ৮৪। সমান খেলায় বার্সার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৩৪ ঘ.