ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে প্রধান দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের পাশাপাশিই হেঁটে চলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জয়ের ধারায় থাকা শেখ রাসেল বৃহস্পতিবার ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে শেখ রাসেল প্রাধান্য বিস্তার করেও কোনো গোল আদায় করতে পারেনি। বিরতির পর শেখ রাসেলকে প্রথম গোল এনে দেন তাদের নতুন রিক্রুট মরক্কোর থেকে উড়িয়ে আনা সালাহ্ মাসলুহ, ৫৮ মিনিটে।
কিন্তু সমতায় ফিরতে বেশীক্ষণ লাগেনি চট্টগ্রাম আবাহনীরও। ৬০ মিনিটে মিঠুন চৌধুরি আবাহনীর হয়ে গোলটি পরিশোধ করেন। তবে ৮১ মিনিটে জহিরুল ইসলামের গোলে আবারো এগিয়ে যায় শেখ রাসেল। আর দুই মিনিট পরই মৌসুমের দলের সফলতম স্ট্রাইকার সামির ওমারি পেনাল্টি গোলে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন (৩-১)।
এ জয়ে তালিকায় তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ১৭। আর শীর্ষে থাকা ঢাকা আবাহনী লিমিটেডের সংগ্রহ ১৬ খেলায় ৪৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১১২ ঘ.
bdnews24