২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের আশায় পানি ঢেলে দিয়েছে টোটেনহ্যাম

আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশায় পানি ঢেলে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ২-১ গোলে হারিয়েছে তারা গানার্সদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 09:39 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

লন্ডন, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশায় পানি ঢেলে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ২-১ গোলে হারিয়েছে তারা গানার্সদের। বুধবারের অন্যান্য খেলায় অ্যাস্টন ভিলা ২-২ গোলে ড্র করেছে এভারটনের বিপক্ষে। রেলিগেশনের ঝুঁকিতে থাকা উইগ্যান অ্যাথলেটিক ও পোর্টসমাউথের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গোল করতে পারেনি কোনো পক্ষই। এদিকে স্পেনের লা লিগায় বার্সেলোনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। এই হার আর্সেনালকে শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে। তালিকার শীর্ষ দল চেলসির চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে আর্সেনাল এখন রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষে আছে চেলসি, ৩৪ খেলায় পয়েন্ট ৭৭। এছাড়া ৩৩ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে টটেনহ্যাম। ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি। আর্সেন ওয়েঙ্গার নিজেই স্বীকার করেছেন শিরোপা তার দলের প্রায় নাগালের বাইরে চলে গেছে। তবে তিনি জানিয়ে দেন, হাল ছেড়ে দেননি। স্কাই স্পোর্টসকে বলেন, "অংকের হিসেবে শিরোপা জয় এখনো অসম্ভব নয়। আমাদের কাজ লড়াই চালিয়ে যাওয়া এবং আমরা তা করবো।" অবশ্যই জিততে হবে, এই মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল ওয়েঙ্গারের দল। শুরুটাও চমৎকার করেছিল আর্সেনাল। কিন্তু খেলার ১০ মিনিটে টটেনহ্যামের ড্যানি রোসের বিস্ময়কর ভলি ঠিকানা খুঁজে পায় আর্সেনালের জালে। সেই সঙ্গে এলোমেলো হয়ে যায় আর্সেনালের খেলার ছন্দ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান গ্যারেথ বেল, ৪৭। পরে বদলি খেলোয়াড় হিসেবে থিও ওয়ালকট ও রবিন ভ্যান পার্সিকে মাঠে নামানো হলে আবারো খেলায় ছন্দ খুঁজে পায় আর্সেনাল। এর ফলও পায় তারা ৮৫ মিনিটে। একটি গোল শোধ করেন নিকোলাস বেন্ডটনার। ভাগ্যদেবীও আর্সেনালের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। হয়তো হার নিয়ে মাঠ ছাড়তে হতো না তাদের। খেলার শেষ মুহূর্তে সল ক্যাম্পবেল মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু বারে লেগে ঘুরে আসে বলটি। গত ১১ বছরের মধ্যে এই প্রথম টটেনহ্যামের কাছে হার মেনে মাঠ ছাড়তে হলো আর্সেনালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.